‘সব রয়ে গেল শুধু খোকা আমার চলে গেল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি কখনো তোকে কোনো কষ্ট দিইনি। যখন যা চেয়েছিস, তা-ই তোকে দিয়েছি। আরা এক বছর পরেই লেখাপড়া শেষে হলে চাকরি পাবি। কিন্তু কী হলো, সব রয়ে গেল শুধু খোকা আমার চলে গেল।’ বাড়ির টিনের চালার দুটি ঘরে ও বারান্দায় ঝোলানো বিভিন্ন ছবি ও মূর্তিগুলো লোকজনকে দেখাতে দেখাতে এভাবে বিলাপ করছিলেন যশোরের কেশবপুরের উপজেলার কাকিলাখালী গ্রামের নিরঞ্জন দাস।ছবি ও মূর্তিগুলো বানিয়েছিলেন নিরঞ্জন দাসের ছেলে দেবব্রত দাস (২৫)। গতকাল শনিবার ভোরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে যশোরের সদর উপজেলার যশোর-সাতক্ষীরা সড়কের রাজারহাট রেলক্রসিংয়ে ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসকে ট্রেন ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে। এতে দেবব্রতসহ চারজন নিহত ও ২০ জন আহত হয়।দেবব্রত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাপচিত্র বিভাগের ছাত্র ছিলেন। তিনি এবার সম্মান চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিয়ে ফলাফল পাওয়ার অপেক্ষায় ছিলেন। পাশের বাড়ির এক ঠাকুমার (দাদির) শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। দেবব্রতের বাবা নিরঞ্জন দাস কৃষিকাজ করে সংসার চালান। মা রেনুকা দাস গৃহিণী। দেবব্রতের একমাত্র ভাই সুবির দাস কেশবপুর কলেজের ছাত্র। গতকাল রাতে কাকিলাখালী গ্রামের শ্মশানে দেবব্রতের মরদেহ সত্কার করা হয়। এর আগে লাশ বাড়িতে পৌঁছালে এক হূদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।মা রেনুকা দাস বুক চাপড়িয়ে বিলাপ করছিলেন, ‘বাবা আমার আর বুকে ফিরে আসবে না। কত বড় হয়েছিল বাবা আমার। আমার ছেলে মানুষ হবে। আমার স্বপ্ন সব শেষ হয়ে গেল।’ তাঁর আর্তনাদে উপস্থিত সবার চোখ ভিজে যায়। মেধাবী এ তরুণের মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে পড়ে গোটা গ্রাম।