সফল হতে প্রয়োজন একাগ্রতা ও আত্মবিশ্বাস। সফল ব্যক্তিরা নিজ মেধাকে ঠিকভাবে কাজে লাগায় বলেই তারা সফল। সব সময় ইতিবাচক চিন্তা করতে হবে। শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন বাস্তবায়নে ইচ্ছা পোষণ করলে অবশ্যই সফল হওয়া যাবে। প্রথম আলো বন্ধুসভার ক্যারিয়ার আড্ডায় বক্তারা এসব কথা বলেন।
গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ ক্যারিয়ার আড্ডা অনুষ্ঠিত হয়। প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে সহযোগিতা করে চট্টগ্রাম উত্তর জেলা রোটারি ক্লাব ও চট্টগ্রাম খুলশী রোটারি ক্লাব।
শিক্ষার্থীদের বিনয়ী হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জীবন একটাই। এই জীবনকে কাজে লাগাতে হবে। সফলতার জন্য নিজের নেতিবাচক দিকগুলো বর্জন করতে হবে। বোধশক্তি ব্যবহার করে নিজেকে সফল করার লক্ষ্যে কাজ করে যেতে হবে। তাঁরা বলেন, জীবনে হেরে যাওয়া চলবে না। সফলতার পথে যেতে অনেক বাধা আসবে। সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভার সভাপতি কৌশিক দত্তের সভাপতিত্বে ও সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদ ইসলামের সঞ্চালনায় ক্যারিয়ার আড্ডায় বক্তব্যে দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন এ বি এম আবু নোমান, সিলেটের কর কমিশনার বাদল সাঈদ, ব্যাংকার তারিকুল ইসলাম, ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা সুমন গাঙ্গুলি, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম, চট্টগ্রাম উত্তর জেলা রোটারি ক্লাবের প্রেসিডেন্ট সামিনা ইসলাম, খুলশী রোটারি ক্লাবের প্রেসিডেন্ট মোজাহিদ বিন কায়সার, রোটারিয়ান রেজাউল করিম।