'সব সময় নিজেরে খালি বন্দী বন্দী লাগে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশটাত কিতা যে চলতাছে। দিন নাই রাইত নাই, ফুটুস-ফাটুস রাস্তাঘাটে খালি ককটেল ফুটতাছে। হরতাল-অবরোধ কবে থামব সেইটারও তো কুনু লক্ষণ দেখতাছি না। এই অবস্থায় সব সময় নিজেরে খালি বন্দী বন্দী লাগে।’ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে এভাবেই মন্তব্য করলেন সিলেট নগরের পাঠানটোলা এলাকার বাসিন্দা আশরাফুল আলম। তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত আছেন।
আশরাফুল ছাড়াও গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত কথা হয় নানা শ্রেণি-পেশার ১৫ জন ব্যক্তির সঙ্গে। প্রত্যেকের অভিন্ন মত। দেশব্যাপী চলমান অচলাবস্থা নিরসনে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটকে সব ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে হবে। পাশাপাশি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটকে দ্রুত সংলাপের উদ্যোগ নিতে হবে।
তাঁতীপাড়া এলাকার বাসিন্দা ছড়াকার বশির আহমদ জুয়েল বলেন, ‘একের পর এক নাশকতায় সাধারণ মানুষ অতিষ্ঠ ও ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। আবার সরকার নাশকতা তেমনভাবে ঠেকাতেও পারছে না। রাজনীতিবিদদের রাজনৈতিক ঝগড়া-ফ্যাসাদের ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। সরকারকে বিএনপি-জামায়াত জোটের সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’
নয়াসড়ক এলাকার ব্যবসায়ী আইয়ুব খান বলেন, ‘ব্যবসায়ীদের তো মাথায় হাত। বেচাকেনা নেই। সরকার সংলাপের উদ্যোগ নিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়।’ জিন্দাবাজার এলাকার কাপড়ের ব্যবসায়ী আজহারুল ইসলাম বলেন, ‘সংলাপই শেষ কথা নয়। বিএনপি ৫ জানুয়ারির নির্বাচনে না এসে ভুল করেছে। এর খেসারত সাধারণ মানুষকে কেন দিতে হবে?’
সুবিদবাজার এলাকার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, ‘দুই দলের একগুঁয়েমির নেতিবাচক ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিএনপি-জামায়াত মিলে দেশবিরোধী ধ্বংসাত্মক কার্যকলাপ করছে। অন্যদিকে আওয়ামী লীগ সমস্যার সমাধান না করে হাত গুটিয়ে বসে আছে। সরকারের হয় কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা উচিত নতুবা সংলাপে বসা উচিত।’