‘সবকিছু পকেটের মধ্যে নেওয়ায় দল দুর্বল হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবর। সাধারণ সম্পাদক হয়েছেন নগরকান্দা এমএন একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া। তবে উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতারা এ নির্বাচনকে সবকিছু পকেটের মধ্যে নিয়ে নেওয়া হিসেবে আখ্যায়িত করে বলেছেন, এতে দলই দুর্বল হবে।১৪ বছর পর গত রোববার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়। সম্মেলন শেষে শুধু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। বেলা ১১টায় নগরকান্দা কেজি স্কুল মাঠে সম্মেলনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা উপজেলা ও কৃষ্ণপুর ইউনিয়ন) সৈয়দা সাজেদা চৌধুরী। সম্মেলনে সব বক্তাই সভাপতি পদে আয়মন আকবরের নাম প্রস্তাব করেন।সম্মেলনের শেষ পর্যায়ে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীন শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে বলেন, ৬১ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে। আয়মন আকবরের সভাপতি হওয়ার প্রতি ইঙ্গিত দিয়ে প্রধান অতিথির বক্তব্যে সাজেদা চৌধুরী বলেন, ‘আমি যখন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম, তখন পুলিশ আমাকে বারবার গ্রেপ্তার করেছে। একপর্যায়ে পুলিশ আয়মনকেও খোঁজা শুরু করে। পরে ওকে (আয়মন) আমেরিকা পাঠিয়ে দিই। দীর্ঘদিন আমেরিকায় থেকে আসার পরও দেখি রাজনীতির প্রতি ওর ঝোঁক রয়েছে। সুযোগ পেলেই নগরকান্দা চলে আসে। ২০০৮ সালের নির্বাচনে আমাকে অনেক সাহায্য করেছে। নগরকান্দা, সালথা, কৃষ্ণপুরবাসীর প্রতি ওর গভীর মমত্ববোধ দেখে আপনাদের জন্য ওকে দিয়ে গেলাম।’সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে আয়মন আকবর বলেন, ‘আমি সুখে-দুঃখে আপনাদের সঙ্গে আছি। অবৈধ দখলদার ও স্বার্থান্বেষীদের আওয়ামী লীগে জায়গা নেই। যাঁরা এ কাজ করছেন তাঁদের দল থেকে বাদ দেওয়া হবে।’গত ২০ বছর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন মোয়াজ্জেম হোসেন ওরফে সাহেব মিয়া। নতুন কমিটি সম্পর্কে প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘সবকিছুই পকেটের মধ্যে রাখার প্রবণতা ভালো না। পাবলিকরেও কিছু দিতে হবে। সম্পাদক হয়েছেন এমন এক ব্যক্তি যিনি একটি প্রতিষ্ঠিত স্কুলের প্রধান শিক্ষক। তিনি স্কুল চালাবেন না-দল চালাবেন?’নগরকান্দা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন খন্দকার জাকির হোসেন। তিনি বলেন, ‘আয়মন আকবর চট্টগ্রামের বাসিন্দা। তিনি পাশের সালথা উপজেলার গোট্টি ইউনিয়নের রসুলপুর গ্রামে মামার বাড়িতে ভোটার হয়েছেন। অর্থাৎ তিনি নগরকান্দা উপজেলার ভোটারও নন। তিনি (আয়মন) কীভাবে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন?’