'সবচেয়ে বেশি আত্মহত্যা হয় কীটনাশক পানে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আত্মহত্যা সবচেয়ে বেশি ঘটে কীটনাশক পানের মাধ্যমে। এসব কীটনাশকের অন্যতম উপাদান অরগানোফসফরাস কম্পাউন্ড (ওপিসি)। আত্মহত্যা প্রতিরোধে অন্যান্য ব্যবস্থার সঙ্গে কীটনাশকের ব্যবহারও নিয়ন্ত্রণ করতে হবে।
আগামীকাল ১০ সেপ্টেম্বর ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ উপলক্ষে আজ সোমবার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন মনোচিকিত্সক মুনতাসীর মারুফ।
ওই মনোচিকিত্সক আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ হচ্ছে, কীটনাশক ও কৃষিকাজে ব্যবহূত সব রাসায়নিকের বোতল বড় কৌটা বা মুখবন্ধ পাত্রে রেখে তালা দিয়ে রাখতে হবে এবং শুধু গৃহকর্তা ছাড়া অন্য কেউ সেটি খুলতে পারবে না, এমন ব্যবস্থা নিতে হবে।
সেমিনারের আলোচকেরা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কীটনাশকে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদানের বিষক্রিয়ার মাত্রা কমিয়ে আত্মহত্যার হার কমানো সম্ভব হয়েছে। আমাদের দেশেও এ ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের সভাপতি মো. গোলাম রাব্বানী বলেন, আত্মহত্যা ও এর কারণ নিয়ে জাতীয় পর্যায়ে গবেষণা হওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মো. ওয়াজিউল আলম চৌধুরী, মো. শাহ আলম, এম এ হামিদ, মোহিত কামাল, ফারুক আলমসহ মানসিক রোগ বিশেষজ্ঞ ও চিকিত্সকেরা।
গোটা বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে একজন আত্মহত্যা করছে। বাংলাদেশেও এই সংখ্যা নেহাত কম নয়। বছরে প্রতি লাখে আট থেকে ১০ জন আত্মহত্যা করছে। মনোচিকিত্সকেরা বলছেন, মানসিক রোগ নিয়ে সমাজে যে কুসংস্কার রয়েছে, সেটি রোধ করা না গেলে আত্মহত্যার মতো ঘটনা এড়ানো যাবে না।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ওয়াজিউদ্দিন আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘আত্মহত্যার কারণ হিসেবে আমরা তাত্ক্ষণিকতার ওপর জোর দিই। কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সারা বিশ্বে যত আত্মহত্যার ঘটনা ঘটেছে, তার ৫০ ভাগের কারণ বিষণ্নতা। এ ছাড়া সিজোফ্রেনিয়া, মাদকাসক্তি ও ব্যক্তিত্বের সমস্যা আরও প্রায় ২৫ ভাগ মৃত্যুর জন্য দায়ী। অর্থাত্ ৭৫ ভাগ ক্ষেত্রে চিকিত্সকের শরণাপন্ন হলে আত্মহত্যা এড়ানোর সুযোগ আছে। কিন্তু বাংলাদেশে মানসিক রোগ নিয়ে এত বেশি কুসংস্কার যে অনেকেই সময়মতো চিকিত্সকের কাছে আসেন না।’
১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে। এবারের স্লোগান ‘আত্মহত্যা প্রতিরোধের প্রধান অন্তরায় কুসংস্কার’।