'সবাই অপেক্ষা করছিল দ্বিজেনের জন্য'
রাজধানীর স্কয়ার হাসপাতালে শুক্রবার ভোররাত পৌনে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘নিসর্গ সখা’ দ্বিজেন শর্মা। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর৷ গত ২৯ মে ছিল দ্বিজেন শর্মার ৮৮তম জন্মদিন। দিনটিকে ঘিরে একটা আয়োজন ছিল এর তিন দিন আগে, ২৬ মে। অনুষ্ঠানের পোশাকি নাম ছিল ‘বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তরুপল্লবের ২৫তম গাছ দেখা, গাছ চেনা অনুষ্ঠান’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল দ্বিজেন শর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে। বৃক্ষসখা দ্বিজেন শর্মা সম্পর্কে একে একে কথাসাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া, চিত্রশিল্পী শিশির ভট্টাচার্য্য, এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারসহ সংগঠনটির আরও কয়েকজন সদস্য স্মৃতিচারণা করলেন। সে অনুষ্ঠানেই দ্বিজেন শর্মার সঙ্গে বিয়ের আগের স্মৃতিচারণা করেন তাঁর সহধর্মিণী দেবী শর্মা। এখানে দেবী শর্মার পুরো বক্তব্য তুলে দেওয়া হলো:
আমাদের বরিশালের বাড়িতে প্রায় সন্ধ্যায় বেশ বড় পার্টি হতো। নিখিল দা আসতেন, পাশের বাড়ির হিরেন ভট্টাচার্যের স্ত্রী রানি ভট্টাচার্য আসতেন, তাঁর মতো এ রকম আরও চার-পাঁচজন আসতেন। যাঁরা চা-য়ে শরিক হতেন, গল্পে শরিক হতেন। সে আড্ডা কখনো কখনো রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত গড়াত। সে আয়োজনেই অতিথি হতেন দ্বিজেন শর্মা। তিনি তখন ব্রজমোহন কলেজের শিক্ষক।
কখনো কখনো পয়লা বৈশাখ, ২৫ বৈশাখ একগুচ্ছ বিরাট গোলাপের তোড়া নিয়ে, কখনো মাধবী, কখনো কাঠগোলাপ, কখনো টাইগার লিলির গুচ্ছ নিয়ে হাজির হতেন তিনি এবং তিনি আমাদের পরিবারের একজন হয়ে উঠলেন।
তারপর যা হয়, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসব। এর আগে সবাই ঠিক করলেন, এবার তো মধুরেণ সমাপয়েৎ—একটা বিয়েটিয়ের ব্যবস্থা করতে হয়! তো এই বিয়ের আয়োজন যখন চলছে, সে সময়কার একটা কাহিনি বলছি। আমাদের কাঠের দোতলা বাড়ি। কাঠের পাটাতনের ওপর পাটি বিছানো। ওখানে কর্মকার বাবু তিনটি বই নিয়ে এসেছেন। সে বই থেকে আমি আমার বন্ধুকে নিয়ে গলার নেকলেস, কানের দুল, হাতের বালা বাছাই করছিলাম। কোনটা হবে, কোনটা হবে না ইত্যাদি।
নিচতলায় বাবার সঙ্গী ও প্রবীণ কয়েকজন আইনজীবী বসে ছিলেন। আমরা বাবাও ছিলেন আইনজীবী। এত মানুষ দেখে ব্যাপারটা ঠিক বুঝতে পারছিলাম না। তাঁদের জন্য বিকেলের জলযোগের ব্যবস্থাও করা হয়েছে।
এ সময় আহমদকে ডাকা হলো। তিনি আমাদের বাবার রিকশাচালক। আহমদ একটা মজার চরিত্র, তিনি তাঁর রিকশায় বাবাকে ছাড়া কাউকে সওয়ারি করতেন না। যা হোক, তাঁকে ডেকে বলা হলো, ‘তুই যা, দ্বিজেনকে নিয়ে আয়।’
সবাই অপেক্ষা করছিল দ্বিজেনের জন্য। একসময় গেট খুলে ঢুকল সে। দেখলাম, তার হাতে টেনিস র্যাকেট, গায়ে অফ হোয়াইট প্রিন্টের হাওয়াই শার্ট, ইন করে পরা, স্মার্ট লুকিং—প্রায় বডিবিল্ডার! সে হেঁটে এসে বাড়ির ভেতরে ঘুরেটুরে মাকে ডাকল ‘মাদার’। তারপর সবাইকে ‘হ্যালো’ বলল। এত মানুষ দেখে সে একটু অবাকই হয়েছিল। তারপর তাঁদের কাছে গিয়ে বসল।
অবণি বাবু একজন বিজ্ঞ আইনজীবী। তিনি তাঁকে দেখে বললেন, ‘ও শর্মা, তুমি এসে গেছ। বসো, বসো। চা-জলখাবার খাও...’ ইত্যাদি, ইত্যাদি।
তারপর একটু সময় নিয়ে তিনি বললেন, ‘দেখো, একটা কথা একটু বলতে হয়। যেটা আমরা কিছুতে বলতেও চাই না, বিশ্বাসও হয় না। কিন্তু তোমাদের বাড়িঘর সিলেটে, সেখানে আমরা তো কেউ যাইনি। ওখানের ধারেকাছের এক ভদ্রলোক তোমার সম্পর্কে একটা কথা বলছেন, সেখানে নাকি তোমার প্রথমা স্ত্রী আছে।’
তার অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছিল, সে কিছুটা ভেতরে-ভেতরে ক্ষুব্ধ। তখন অবণি বাবু শুধু বললেন, ‘শর্মা, তুমি শুধু এটা বলো, এ বিষয়টি তুমি জানো না বা এটা মিথ্যা প্রচার। আমরা শুধু তোমার মুখে এ কথাটুকু শুনতে চাই।’ তখন সে বলল, ‘এটা মিথ্যা।’ এ কথা বলে সে ওই জায়গা থেকে উঠে গেল। সে বিরক্ত হয়েছে, বুঝতে পারছি। তারপর মায়ের সঙ্গে গিয়ে আলাপ। এরপর দপদপ করে ওপরে চলে এল। আমার গয়না কিছুটা দেখল, গল্প করল, বসল। তারপর আগের সুর ফিরে এল, তাঁর এই সুর গিয়ে গড়াল ২৭ নভেম্বর, আমাদের বিয়ের দিন।