‘সবাই গণমাধ্যমের ওপর ক্ষ্যাপা সংবাদকর্মীরা আক্রান্ত হচ্ছেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট সাংবাদিক আতাউস সামাদ সব সম্পাদক/প্রকাশককে জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকার অনুরোধ জানিয়েছেন। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে ‘সত্য প্রকাশে সাংবাদিকতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।আতাউস সামাদ বলেন, এখন আদালত, সংসদ, সরকার সবাই গণমাধ্যমের ওপর খেপে আছে। ফলে সংবাদকর্মীরা আক্রান্ত হচ্ছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় প্রথম আলো সম্পাদকের বিচার চেয়ে মানববন্ধন হচ্ছে। কে যে কাকে কখন কীভাবে জড়ায়, তা কেউ বলতে পারে না।পরিষদের ওই অনুষ্ঠান চলার সময় প্রেসক্লাবের সামনে ‘জাতীয় সংবাদপত্র পাঠক ফোরামে’র ব্যানারে একটি মানববন্ধন চলচিল। ওই আয়োজনের প্রতি ইঙ্গিত করে আতাউস সামাদ এ ধরনের প্রচারের নিন্দা করেন।এ ছাড়া জাতীয় সংসদে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন ও কয়েকটি পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে সাংসদদের আলোচনা প্রসঙ্গেও কথা বলেন আতাউস সামাদ। বলেন, ‘সংসদ সদস্যরা তো সমালোচনা করলেনই। সম্পাদকেরা সংসদে এসে বক্তব্য দিতে পারেন না। স্পিকার বলতে পারতেন, যেহেতু যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা উপস্থিত নেই, ওনাদের কাছ থেকে উত্তর জেনে এসে আপনাদের জানাব। কিন্তু স্পিকার তা করেননি। সাংবাদিক শফিক রেহমানও প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জড়িয়ে প্রচারণার নিন্দা করেন। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি করেন তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, কোনো দেশের গণতান্ত্রিক ব্যবস্থা কতটা সংহত, তা বোঝার উপায়ই হলো ওই দেশের সংবাদপত্রের স্বাধীনতা কতটুকু। নির্বাচিত হলেই সরকার গণতান্ত্রিক হয় না। ২০০৮-এর ২৯ ডিসেম্বর যে সরকার নির্বাচনের মাধ্যমে এসেছে, সে সরকার ভ্রান্ত পথে পরিচালিত। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব উদ্দিন বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য সংবাদপত্রের ভূমিকা অত্যন্ত উজ্জ্বল। কিন্তু আজকের সাংবাদিকেরা আদালত অবমাননার আতঙ্কে ভুগছেন। বাকস্বাধীনতা রুদ্ধ করার চেষ্টা করা হলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সাংবাদিকদের পাশে থাকবে।আলোচনায় আরও অংশ নেন সাংসদ মাহবুব উদ্দিন, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব এ জেড এম জাহিদ হোসেন, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, নিউ নেশন পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, অলিউল্লাহ নোমান প্রমুখ। বক্তাদের সবাই মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করেন।