ঘুষ ছাড়া ফাইল নড়ে না। পিয়ন থেকে এসি ল্যান্ড সবাই ঘুষ চায়—গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পটিয়া উপজেলা ভূমি কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গেলে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর কাছে উপস্থিত সেবাগ্রহীতারা এসব অভিযোগ করেন।
সেবা নিতে আসা ভুক্তভোগী ব্যক্তিদের অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভূমি কার্যালয়ের দুই সহকারীকে বদলির আদেশ দেন। এই দুই কর্মকর্তা হলেন পটিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী সাজ্জাদ শাহ আমজাদ ও কোরবার আলী। এসব অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসককেও (রাজস্ব) নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
সাইফুজ্জামান চৌধুরী পটিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গৌতম বাড়ৈকে সতর্ক করে বলেন, ‘আমি আপনাদের বিরুদ্ধে সব সময় অভিযোগ শুনি। আপনারা সাবধান হয়ে যান।’
প্রতিমন্ত্রী উপজেলা ভূমি কার্যালয়ে সংরক্ষিত খাজনা ও নামজারির বিভিন্ন নথি দেখেন। নথিগুলোতে কিছু অনিয়ম দেখতে পান তিনি। সরকারের রাজস্ব খাতের ৩১ হাজার টাকা ব্যাংকে জমা না দিয়ে দুজন সহকারী তহশিলদার নিজেদের কাছে রেখে দেন। অথচ একজন তহশিলদার সর্বোচ্চ পাঁচ হাজার টাকা নিজ হেফাজতে রাখতে পারেন। প্রতিমন্ত্রী নথি যাচাই করে দেখার পর ভুক্তভোগীরা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
গোলাম কিবরিয়া নামে স্থানীয় এক বাসিন্দা প্রতিমন্ত্রীকে বলেন, ‘ভূমি কার্যালয়ে টাকা ছাড়া কোনো কাজ হয় না। টাকা ছাড়া ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যায় না। আমি নিজেও ভুক্তভোগী। আমার একটি পুকুর আছে। সেই পুকুর নিয়ে এই ভূমি কার্যালয়ে জালিয়াতি হয়েছিল। সেই জালিয়াতির কারণে আমাকে হয়রানির শিকার হতে হয়েছে।’
আইয়ুব মুছা নামের আরেক ব্যক্তি প্রতিমন্ত্রীকে বলেন, একজনের জমি আরেকজনের নামে নামজারি করা হয়।
এসব বিষয়ে গৌতম বাড়ৈ প্রথম আলোকে বলেন, ‘গত বুধবারের জমির খাজনা আদায়ের ৩১ হাজার টাকা ওই দিন জমা না দিয়ে তাঁরা ক্যাশে রেখে দেন। এ অপরাধে দুজনকে বদলির নির্দেশ দেন প্রতিমন্ত্রী মহোদয়। তবে আমার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়।’