‘সবাই ১ নম্বর করে বেশি পাবেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে স্বাস্থ্য সহকারীর ছয় হাজার ৩৯১টি শূন্যপদে নিয়োগ পরীক্ষা ছিল গতকাল শুক্রবার। নৈর্ব্যক্তিক পদ্ধতিতে ওই পরীক্ষায় পূর্ণমান ছিল ৮০। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য নম্বর ছিল ১। সেই হিসাবে ৮০টি প্রশ্ন থাকার কথা থাকলেও ছিল ৭৯টি। একটি প্রশ্ন কম থাকার কথা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ জন্য সব পরীক্ষার্থীকে ১ নম্বর করে বেশি দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষার জন্য গতকাল সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে প্রায় চার লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী অংশ নেন। মৌখিক পরীক্ষার পর আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে কর্তৃপক্ষ নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করবে। সিরাজগঞ্জ সালেহা ইসাহাত বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীরা জানান, প্রশ্নপত্রে ১ থেকে ৭৬ নম্বর প্রশ্নের পর ৭৭ নম্বর প্রশ্ন ছিল না। এরপর ৭৮ থেকে ৮০ নম্বর পর্যন্ত প্রশ্ন ছিল। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কোনো নির্দেশনা ছিল না। তাই কর্তব্যরত পরিদর্শকেরাও পরীক্ষার্থীদের কোনো নির্দেশনা দিতে পারেননি। অনেক পরীক্ষার্থী ৭৭ নম্বর প্রশ্নের জন্য বরাদ্দ করা উত্তরের ঘর ফাঁকা রেখে অন্য প্রশ্নের উত্তর দেন। সিরাজগঞ্জের সিভিল সার্জন নূরুল ইসলাম জানান, পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র খোলার পর বিষয়টি ধরা পড়ে। এটি কম্পোজের ভুলের কারণে হতে পারে। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) খন্দকার মো. সিফায়েত উল্লাহ বলেন, ‘একটি প্রশ্ন কম থাকলেও এ নিয়ে পরীক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। সবাইকে ১ নম্বর করে বেশি দেওয়া হবে।’