'সবাইকে চমকে দিতে পারেন মোদি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর উপলক্ষে রাজধানীর প্রধান প্রধান সড়ক সাজানো হয়েছে তাঁর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে। গতকাল সচিবালয়ের সামনে আবদুল গণি সড়ক থেকে তোলা ছবি l প্রথম আলো
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর উপলক্ষে রাজধানীর প্রধান প্রধান সড়ক সাজানো হয়েছে তাঁর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে। গতকাল সচিবালয়ের সামনে আবদুল গণি সড়ক থেকে তোলা ছবি l প্রথম আলো

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নিয়ে দুই দেশেই তৈরি হয়েছে উচ্চ প্রত্যাশা। তাঁর এই সফরে হতে পারে দ্বিপক্ষীয় অনেক চুক্তি। তবে এর বাইরেও সবাইকে চমকে দেওয়ার মতো ঘোষণা মোদির মুখ থেকে আসতে পারে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা। ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে দুই দেশের প্রত্যাশার কথা জানিয়েছে ভারতের অন্যান্য গণমাধ্যমও।
আনন্দবাজার পত্রিকার খবরের শিরোনাম ছিল, ‘কোহলির আগে এখন মোদিতেই আমোদিত হয়ে রয়েছে ঢাকা’। এতে বলা হয়, বিরাট কোহলি দলবল নিয়ে ঢাকায় এসে পড়ার পর কী হবে তা বলা যাচ্ছে না! কিন্তু তার আগে বাংলাদেশের সমস্ত কৌতূহল এবং অপেক্ষার কেন্দ্রবিন্দু ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন সফর। গুলশান থেকে বনানী, হজরত শাহজালাল (রহ.) বিমানবন্দর থেকে গলদঘর্ম ভিড়ের নিউমার্কেট—এখানকার দিন যাপনের মধ্যে সশব্দে ঢুকে পড়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদি।’
আনন্দবাজার-এর ওই প্রতিবেদনে আরও লেখা হয়েছে, ‘... তিনি (মোদি) এবং তাঁর প্রতিনিধিদল এমনকি এক দিন আগে ঢাকায় চলে আসা মমতা বন্দ্যোপাধ্যায়ও বিলক্ষণ জানেন—বাংলাদেশের চাহিদার তালিকা স্থলসীমান্ত চুক্তিতেই আটকে থাকবে না। তিস্তার জল থেকে বাণিজ্য ভারসাম্য, রপ্তানি থেকে বিদ্যুৎ আমদানি—ঢাকার বিপুল চাহিদাকে বিবেচনার মধ্যে রেখে ভারতীয় জাতীয় স্বার্থ চরিতার্থ করার কূটনীতিই এবার মোদির সফরের বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।’ তবে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি এ কথাও লিখেছে, ‘তাঁর প্রথম সফরকে বাংলাদেশের মানুষের কাছে স্মরণীয় করে রাখতে মোদি এমন কিছু হয়তো ঘোষণা করবেন, যা চমকে দিতে পারে সকলকে।’
ভারতীয় প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে দুই দেশের উচ্চ প্রত্যাশার বিষয়টি আছে হিন্দুস্তান টাইমস-এর খবরেও। গতকাল পত্রিকাটির একটি খবরের শিরোনাম ছিল, ‘ঢাকা সফরের জন্য প্রস্তুত মোদি, সম্পর্ক ঘিরে উচ্চ প্রত্যাশা’। এতে বলা হয়, তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়টি যদিও আলোচনার টেবিলে থাকছে না। তবু সুখবর নিয়ে ঢাকা সফরের যে প্রতিশ্রুতি মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছিলেন (গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় নিউইয়র্কে বৈঠকে), তা রক্ষায় জোর চেষ্টাই করছে নয়াদিল্লি। সুখবরের তালিকায় থাকতে পারে নতুন করে আর্থিক সহযোগিতা, যোগাযোগ পরিকল্পনা, নতুন সীমান্ত বাজার, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং এই রাজনৈতিক বার্তা যে, মোদির পররাষ্ট্রনীতির ঢাকার সঙ্গে সুসম্পর্কের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।
ভারতের প্রভাবশালী দ্য হিন্দু পত্রিকার গতকালের খবরের শিরোনাম, ‘মোদি, মমতাকে উষ্ণ অভ্যর্থনার অপেক্ষায় বাংলাদেশ’। প্রতিবেদনে বলা হয়, ‘দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা পাবে এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে যোগ হবে নতুন সম্ভাবনা—উভয় পক্ষের এমন প্রত্যাশার মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে শনিবার ঢাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে লালগালিচা সংবর্ধনা জানাতে সর্বতোভাবে প্রস্তুত বাংলাদেশ।’