'সবাইরে দেখি, শুধু মা-মেয়েরে দেখি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার কলসি দিঘির পাড় রেলওয়ে বস্তিতে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত দুজন। আজ রোববার ভোররাতে লাগা আগুন ফায়ার সার্ভিসের সদস্যরা সকাল সাড়ে আটটার দিকে নেভান।

অগ্নিকাণ্ডে ফাতেমা আক্তার (২৭) ও তাঁর সাড়ে তিন বছর বয়সী মেয়ে মারজানের মৃত্যু হয়েছে। আগুন লাগার সময় মিজানুর রহমান বস্তি এলাকায় থাকলেও ঘরের বাইরে ছিলেন। ঘর থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন ওই বস্তিরই বাসিন্দা শিল্পী বেগম ও তাঁর ছেলে সাব্বির। দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্ত্রী-সন্তান হারানো মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘রাত সাড়ে তিনটার দিকে প্রতিবেশী ইসমাইলের সঙ্গে তাঁর ঘরের সামনে কথা বলছিলাম। হঠাৎ বস্তির একটি ঘরে আগুন দেখতে পাই। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়তে শুরু করে। আগুন আগুন বলে চিৎকার করলে লোকজন বের হয়ে আসে। বউ ও মেয়েকে উদ্ধার করতে নিজের ঘরের দিকে যাওয়ার চেষ্টা করলেও ধোঁয়ার কারণে যেতে পারিনি।’ তিনি বলতে থাকেন, ‘ভোরের দিকে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। তখন বস্তির সবাইরে দেখি। শুধু মা-মেয়েরে দেখি না। জিজ্ঞেস করলে কয়েকজন জানান, তাঁরা মেডিকেলে আছে। সেখানে ছুটে যাই। কিন্তু পাইনি। পরে বস্তিতে যখন মা-মেয়েকে দেখি, তখন আর তারা বেঁচে নেই।’

চট্টগ্রাম ইপিজেড ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. রেজাউল কবির প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে বস্তির একটি কক্ষ থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অগ্নিকাণ্ডে সাত মালিকের অন্তত ৮০টি ঘর ও ১২টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।

তবে সরেজমিনে গেলে ক্ষতিগ্রস্ত লোকজন দাবি করেন, আগুনে তিন শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর ৮০টির মতো হলেও একেকটি ঘরে তিন থেকে চারটি করে পরিবার থাকত। একই কথা জানান স্থানীয় দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, রোববার ভোররাত সাড়ে তিনটার দিকে রেলওয়ে বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে পাঁচ ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে নেয়।

স্থানীয় সূত্র জানায়, বস্তি টিতে মূলত নিম্ন আয়ের মানুষজন বিশেষ করে পোশাক কারখানার শ্রমিক, ঘাটশ্রমিক, রিকশাচালক, দিনমজুরেরা ভাড়া থাকতেন।

দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বস্তির লোকজনের কেউ আগুনে পুড়ে যাওয়া ঘরের টিনগুলো একপাশে স্তূপ করে রাখছিলেন। কেউ কেউ সর্বস্ব হারিয়ে বিলাপ করছিলেন। আবার অনেকে ধ্বংসস্তূপ থেকে শেষ সম্বলটুকু খুঁজে বের করার চেষ্টা করছেন। ঈদের ঠিক আগমুহূর্তে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন সবাই দিশেহারা। ঈদ উপলক্ষে জমানো সঞ্চয়ের টাকা পুড়ে গেছে আগুনে। একই সঙ্গে পুড়েছে তাঁদের ঈদ আনন্দও। এখন সামনের দিনগুলো কীভাবে কাটবে, সে দুশ্চিন্তা পেয়ে বসেছে তাঁদের।

পোশাকশ্রমিক কোহিনূর বেগম বিলাপ করতে করতে প্রথম আলোকে বলেন, ‘ঈদে বাড়ি যাওয়ার জন্য অনেক কষ্ট করে পাঁচ হাজার টাকা জমিয়েছিলাম। এই টাকা দিয়ে মা ও মেয়ের জন্য কাপড় কেনার ইচ্ছা ছিল। কিন্তু আগুনে আমার সব পুড়ে গেছে।’

আরও পড়ুন