
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবরবলীপাড়া। চারদিকে ভেঙে যাওয়া বাড়িঘর। ভাঙা সড়কের ওপর বাঁধা ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছে গৃহহীন মানুষ। গতকাল বুধবার সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়।
ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে আকবরবলীপাড়ার কয়েক শ ঘরবাড়ি ভেঙে গেছে। ঠিকমতো খেতে পারছেন না তাঁরা। ঘুমানোর জন্য নেই কোনো নিরাপদ ব্যবস্থা। কিন্তু এ নিয়ে খুব বেশি আক্ষেপ নেই তাঁদের। সবার আগে স্থায়ী বেড়িবাঁধ চান তাঁরা।
১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভেঙে প্রায় ২০ হাজার মানুষ মারা যায়। সেই ঘূর্ণিঝড়ের ২৫ বছর পরও কুতুবদিয়ার মানুষ অরক্ষিত। দ্বীপের চারদিকের প্রায় ৪০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ২০ কিলোমিটারই ভাঙা।
আকবরবলীপাড়ার গৃহবধূ মিনু আরা বেগম (৫০) বলেন, ‘নুন-ভাত খেয়ে রোজা রেখেছি। কাল কী খাব জানি না। ছেলেমেয়েরা খাবারের জন্য কান্নাকাটি করছে। তাতে সমস্যা নেই। সবার আগে স্থায়ী বেড়িবাঁধ চাই আমরা। বেড়িবাঁধ সংস্কার না হলে এই বর্ষায় আমাদের জীবন বিপন্ন হবে।’
স্থানীয় নূরানী বালিকা দাখিল মাদ্রাসার সুপার মো. জাকের হোসাইন বলেন, ‘জুন-জুলাই মাসে সাগর প্রচণ্ড উত্তাল থাকে। এ সময় ঝড়বৃষ্টি কিংবা নানা দুর্যোগ দেখা দেয়। বর্ষায় পুরো সময় আমাদের চরম আতঙ্কে থাকতে হয়। অথচ আমরা স্থায়ী বেড়িবাঁধ পাচ্ছি না।’
স্থানীয় লবণচাষি মো. আনিছ বলেন, ‘জনপ্রতিনিধিরা ভাঙা বাঁধের কাজ পেতে মরিয়া। কিন্তু আমরা চাই সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হোক।’
উপজেলার ফয়জানিরবাপের পাড়া, জহিরআলী সিকদারপাড়া, চাটিপাড়া, জুম্মাপাড়া ও চুল্লারপাড়ায় গিয়ে দেখা যায়, জোয়ারের পানিতে সব একাকার হয়ে গেছে।

উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ স ম শাহরিয়ার চৌধুরী বলেন, রোয়ানুর আঘাতে ইউনিয়নে প্রায় ১০ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে চার হাজার ঘরবাড়ি পুরোপুরি ও তিন হাজার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহহীন প্রায় এক হাজার পরিবারের পাঁচ হাজার মানুষ অন্য এলাকায় পাড়ি জমিয়েছে। গৃহহীন কয়েক হাজার মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহীন তানভীর গাজী বলেন, রোয়ানুর প্রভাবে উপজেলার ছয় ইউনিয়নে প্রায় ২০ কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়ে ১২ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘ভাঙা বেড়িবাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষকে তাগাদা দিচ্ছি। কিন্তু কাজ হচ্ছে না।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী বলেন, ষাটের দশকে কুতুবদিয়ার আয়তন ছিল ৫৪ বর্গকিলোমিটার। বিলীন হতে হতে তা এখন ২৭ কিলোমিটারে ঠেকেছে। তবু স্থায়ী বেড়িবাঁধ হচ্ছে না। এতে লাখো মানুষকে চরম ঝুঁকি নিয়ে জীবন কাটাতে হচ্ছে।
পাউবোর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সাবিবুর রহমান জানান, রোয়ানুর প্রভাবে জেলায় ৮৭ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এর মধ্যে কুতুবদিয়া ভেঙে গেছে প্রায় ২০ কিলোমিটার। লোকজনের জানমাল ও সম্পদ রক্ষার জন্য জরুরি ভিত্তিতে ভাঙা বেড়িবাঁধের ১৮টি অংশে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে কাজ শুরু হবে। পরে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে স্থায়ী বেড়িবাঁধ করা হবে।
উপকূলের মানুষের জীবন-জীবিকার উন্নয়নে কাজ করছে বেসরকারি সংস্থা কোস্টট্রাস্ট। রোয়ানুর আঘাতের পর সংস্থাটি ত্রাণসামগ্রী, বিশুদ্ধ পানি ও ওষুধ বিতরণ এবং মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে।
সংস্থার সহকারী পরিচালক তারেক সাঈদ হারুন বলেন, কুতুবদিয়া চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালীকে রক্ষা করছে। ওই দুই উপজেলায় অর্থনৈতিক জোনসহ নানা স্থাপনা তৈরি হচ্ছে। কুতুবদিয়া বিলীন হলে আনোয়ারা ও বাঁশখালীও ঝুঁকিতে পড়বে। ওই দুই উপজেলার বিপরীতে কুতুবদিয়ার অবস্থান। জলোচ্ছ্বাসের প্রথম ধাক্কা সামলাতে হয় কুতুবদিয়াকে। অথচ কুতুবদিয়াকে রক্ষার তেমন উদ্যোগ নেই।