'সবার আগে শিক্ষকদের দুর্নীতিমুক্ত হতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে সবার আগে শিক্ষকদের দুর্নীতিমুক্ত হতে হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম এ কথা বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিসংগ্রাম নাট্যোৎসবের পঞ্চম দিনে গতকাল বুধবার সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম আরও বলেন, ‘আমি যখন মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে যোগদান করি তখন পাঁচজন দুর্নীতিগ্রস্ত উপাচার্যকে পেয়েছিলাম। আমি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমি বিস্মিত হয়ে যাই একজন শিক্ষক, একজন উপাচার্য কীভাবে দুর্নীতি করতে পারেন। তাই দেশকে বদলাতে হলে আগে শিক্ষকদের বদলাতে হবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, দেশকে ভালোবাসতে হলে দেশের ইতিহাস জানতে হবে। সেই লক্ষ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে বাংলাদেশের অভ্যুদয় ও বাংলা ভাষা শীর্ষক দুটি কোর্স বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। খুব দ্রুত সেটি বাস্তবায়ন করা হবে।
গতকাল বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য চার বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাঁরা হলেন মঞ্চনাটকে অবদান রাখার জন্য আলোক কুমার রায় (মরণোত্তর), নগর-পরিকল্পনায় নজরুল ইসলাম, ভাষা সংগ্রামে আহমদ রফিক, শিক্ষায় আবদুল মান্নান, নটপালায় বিধান চন্দ্র সিনহা। গতকাল রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে উপাচার্য ফারজানা ইসলাম এসব সম্মাননা স্মারক তুলে দেন। পরে একই স্থানে মঞ্চায়িত হয় নাটক নটপালা।