‘সবার দিলটা বাজানগো মতো হইলে ভালো হইতো’
‘সবার দিলটা বাজানগো মতো হইলে ভালো হইতো। বাজানেরা আমাগো লিগা ইফতারের আয়োজন করছে। আল্লায় তাগোর ভালা করুক। মুড়ি আর কয়টা বুট দিয়া ইফতার করি আইজ বিরানি খাইতাছি।’কথাগুলো বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হলের ক্যানটিন কর্মচারী কহিনুর বেগম (৬০)। এথিকস ক্লাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা গতকাল শনিবার ছিন্নমূল শিশু ও হলের ক্যানটিন কর্মচারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ইফতারের আয়োজন করে। অনুষ্ঠানে স্কলারস বাংলাদেশ ও এথিকস ক্লাব বাংলাদেশের সভাপতি এম ই চৌধুরী শামীম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফাহাদ হোসেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের কমিটির সমন্বয়ে ফাহাদ হোসেনকে সভাপতি করে আনুষ্ঠানিকভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। আগামী ১ সেপ্টেম্বর থেকে ক্যাফেটেরিয়ায় ছিন্নমূল শিশুদের সপ্তাহে তিন দিন করে পাঠদানের সিদ্ধান্ত নেওয়া হয় অনুষ্ঠানে। এমই চৌধুরী শামীম বলেন, ছিন্নমূল শিশু ও যারা প্রতিদিন শিক্ষার্থীদের জন্য খাবার প্রস্তুত করেন, সেই সব ক্যানটিন কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের মেলবন্ধন তৈরির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৈষম্য দূরীকরণে এথিকস ক্লাব এ ধরনের অনুষ্ঠান আয়োজন অব্যাহত রাখবে।