'সবুজ ঢাকা' কার্যক্রম হবে সামাজিক আন্দোলন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, ‘সবুজ ঢাকা কার্যক্রমকে আমরা একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে চাই এবং আমাদের সবাইকে এ কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।’
গতকাল শনিবার সকালে বিজয় সরণির নভোথিয়েটার এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং সবুজ ঢাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আয়োজিত এক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে আনিসুল হক এসব কথা বলেন।
মেয়র বলেন, আগামী তিন থেকে চার বছরের মধ্যে ঢাকাকে পরিচ্ছন্ন এবং সবুজকরণের লক্ষ্যে ‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ স্লোগান সামনে রেখে ‘সবুজ ঢাকা’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান।
গতকাল সকাল নয়টায় একটি শোভাযাত্রা বিজয় সরণির র্যাং গস চত্বর থেকে শুরু হয়। স্বেচ্ছাসেবকদের এ কার্যক্রম দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে; শেষ হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকেরা পরিত্যক্ত পলিথিন, নোংরা কাগজ অপসারণের মাধ্যমে পরিবেশ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় উপস্থিত সাধারণ মানুষ এ কার্যক্রমের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক আ ফ ম জামাল উদ্দিন বলেন, ‘আমরা ঢাকা শহরকে গ্রিন (সবুজ) যেমন করব, তেমনি ক্লিনও (পরিষ্কার) করব।’ তিনি এ কার্যক্রমের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং প্রাণের শহর ঢাকাকে সবুজ করার লক্ষ্যে সবার সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
‘সবুজ ঢাকা’র ব্যবস্থাপনা পরিচালক রুপাই ইসলাম বলেন, ‘ঢাকাকে সবুজকরণের অংশ হিসেবে আমরা মহাখালী থেকে আগারগাঁও পর্যন্ত প্রধান সড়কসংলগ্ন দেয়ালে ওয়াল কার্পেট গাছ রোপণ করেছি। আগামী ছয় মাসের মধ্যেই ওয়ালজুড়ে সবুজ গালিচা শোভা পাবে।’