'সবে এক ডেগো রান্ধি খাই'
বাড়িঘরে পানি ওঠায় ছয় দিন ধরে তাঁরা আশ্রয়কেন্দ্রে। কয়েকটি পরিবারে ভাগ হয়ে এক ডেকচিতে রান্না করে খান।
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশপাশের বিভিন্ন এলাকার ৫৪টি বন্যাদুর্গত পরিবার আশ্রয় নিয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, চারটি শ্রেণিকক্ষে দুর্গত পরিবারগুলো থাকে। রাতে শোয়ার জন্য ডেস্ক-বেঞ্চ জোড়া লাগিয়ে খাটের ব্যবস্থা করা হয়েছে।
একটি শ্রেণিকক্ষের সামনের বারান্দায় টিনের চুলায় খিচুড়ি রান্না করছিলেন পশ্চিম জায়ফরনগর গ্রামের সায়রা খাতুন (৩৫)। বললেন, ‘ইনো (এখানে) হিন্দু-মুসলিম সব আছইন। ধর্মর কোনো বিচার নাই। রিলিফ আইলে সবে (সবাই) এক ডেগো (ডেকচি) রান্ধি খাই।’ এ সময় পাশে দাঁড়ানো পশ্চিম গবিন্দপুর গ্রামের মঙ্গলা বিশ্বাস (২৫) মাথা নেড়ে সায় দেন।
তবে আশ্রয়কেন্দ্রে সরকারি ত্রাণ জুটছে খুবই কম। দুর্গতরা জানান, ছয় দিনে প্রত্যেক পরিবার ১০ কেজি করে চাল ও ১০ কেজি করে আটা পেয়েছে। এর বাইরে আর কিছু মেলেনি। এ ছাড়া ব্যক্তি উদ্যোগে অনেকে চাল, চিড়া, গুড় ও খিচুড়ি দিয়েছেন। তা দিয়েই কোনোমতে চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বর্ণালী পাল বিকেল চারটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসন থেকে বন্যার্তদের জন্য আরও ৩৫ মেট্রিক টন চাল ও ১ লাখ ৪০ হাজার টাকা পাওয়া গেছে। ইতিমধ্যেই তা ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলোয় বণ্টন করে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে জায়ফরনগরকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বন্যার পানি কমতে শুরু করেছে। তাতে মানুষের দুর্ভোগ কমে আসবে।