‘বাপের লগে গিয়া লাশ অইয়া ফিরল দুই পুয়া! বাপ গেল কই? সবে তো কয় বাপে মারছে!’ বিলাপ করতে করতে এসব বলছিলেন নুরবি বেগম।
সিলেটের ওসমানী নগরের চিন্তামণি গ্রামের বাসিন্দা নুরবি বেগমের দুই ছেলে আবদুল মোমিন (১১) ও রুজেল আহমদের (৭) লাশ গত সোমবার রাতে গ্রামের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়। ওই ঘটনার পর থেকে তাদের বাবা ছাবিত আলীর খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিহত দুই শিশুর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে দুই ছেলেকে নিয়ে মাছ ধরতে যান ছাবিত আলী। দুপুরের পর বাড়িতে এক দফা মাছ দিয়ে যায় মোমিন। সে তখন মাকে জানায়, তারা বাবার সঙ্গেই আছে। সন্ধ্যার পরও তারা বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করতে গিয়ে রাত সাড়ে আটটার দিকে গ্রামের ডোবায় মেলে মোমিন-রুজেলের লাশ।
গতকাল মঙ্গলবার সকালে তাদের বাড়িতে গিয়ে দেখা যায়, মোমিন-রুজেলের একমাত্র ছোট বোনকে নিয়ে বিলাপ করছেন মা নুরবি বেগম।
সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দুই শিশুর শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে। শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত ছিল। এতে ধারণা করা হয়, পরিকল্পিতভাবে দুই শিশুকে হত্যা করে লাশ ডোবায় ফেলে রাখা হয়েছে।
ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তরের পর তাদের দাফন সম্পন্ন হয়। তবে গতকাল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
শিশুহত্যার এ ঘটনায় এলাকার মানুষের মনে শোকের পাশাপাশি ক্ষোভও জন্মেছে বলে জানিয়েছেন ওসমানী নগরের দয়ামীর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন। তিনি বলেন, দুই ছেলের লাশ পাওয়া গেল, কিন্তু এরপরও তাদের বাবাকে না পাওয়ায় তাঁকে নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি একটি পরিকল্পিত হত্যা। আপাতত আমরা ছাতির আলীর সন্ধান করছি। তাঁর খোঁজ পেলে এ ঘটনার মোটিভ উদ্ঘাটন সম্ভব হবে।’