'সবেধন নীলমণি'
নবম ও দশম শ্রেণীর পাঠদানের অনুমতি পাওয়ার পর এবারই প্রথম এসএসসি পরীক্ষায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বালিকা উচ্চবিদ্যালয় থেকে মাত্র একজন শিক্ষার্থী অংশ নেয়৷ মানবিক শাখার ওই শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।
গোপীনাথপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ‘সবেধন নীলমণি’ এই শিক্ষার্থীর নাম তাসমিন আখতার। সে উপজেলার হরিপুর গ্রামের মৃত আবদুর রাজ্জাকের মেয়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজুমান্দ বানু জানান, বিদ্যালয়টি ২০১২ সালে নবম ও দশম শ্রেণির পাঠদানের অনুমতি পায়। ওই বছরেই নবম শ্রেণির মানবিক শাখায় চারজন ছাত্রী ভর্তি হয়। বিজ্ঞান বিভাগে কোনো ছাত্রী ভর্তি হয়নি। নবম শ্রেণির মানবিক শাখার চার ছাত্রীর মধ্যে তিনজনই মাধ্যমিক পরীক্ষায় ফরম পূরণ করেনি। তাসমিন আখতার একাই মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। তাসমিন আখতার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে। বিদ্যালয়টির এটিই প্রথম মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া।