‘সভ্য দেশে গোপন বিচারের আইন থাকতে পারে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জবাবদিহিতার একমাত্র নিশ্চিত ব্যবস্থা হিসেবে সব সময় সব ধরনের বিচার উন্মুক্তভাবে করতে হবে। কোনো সভ্য দেশে গোপন বিচার করার জন্য আইনে কোনো ধারা থাকতে পারে না।গতকাল মঙ্গলবার রাজধানীতে কর্নেল তাহের ‘হত্যার’ বিচারের দাবিতে অনুষ্ঠিত আলোচনা সভায় এ অভিমত দেওয়া হয়। এতে জিয়াউর রহমানের সামরিক শাসনামলে সংঘটিত ‘অন্যায় অবিচারের’ জন্য তাঁর মরণোত্তর শাস্তিও দাবি করা হয়।বঙ্গবন্ধু এভিনিউয়ের কর্নেল তাহের মিলনায়তনে ‘কর্নেল তাহের হত্যা: ঐতিহাসিক অবিচারের বিচার চাই’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথি আইনজ্ঞ শাহ্দীন মালিক উন্মুক্ত বিচারের তাগিদ দেন। তিনি বলেন, ‘বিগত দেড় শ বছরে ফৌজদারি কোনো বিচার নিভৃতে হয়নি। বিচার গোপনে হলে রায়ের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আর কোনো সভ্য দেশে নিভৃত বিচার করার জন্য আইনে কোনো ধারা থাকতে পারে না। এটি অসাংবিধানিক। তবে বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে।’শাহ্দীন মালিক আরও বলেন, ১৯৮২ সালে গোপনে বিচার করার আইন করা হয়েছিল। জিয়াউর রহমান সামরিক আইন জারি করে সামরিক শাসনের মাধ্যমে এই অবিচার করেছেন। বিংশ শতাব্দীতে এমন একটি ঘটনা ঘটেছে, যা সভ্য সমাজে হয় না। কর্নেল তাহেরের লোকদেখানো ফাঁসির মামলাসংক্রান্ত নথি হাইকোর্টের তলব করাকে হাইকোর্টের একটি ঐতিহাসিক ভূমিকা বলে আখ্যায়িত করেন তিনি। আলোচনায় সভাপতিত্ব করেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, জিয়াউর রহমানের সামরিক আইন জারি, সামরিক শাসনসহ সব কিছুই ছিল নিয়মবহির্ভূত। তিনি সামরিক বাহিনীর পাঁচ হাজার লোক হত্যা করেছেন। এটি গণহত্যা। ঐতিহাসিক এ অবিচারের বিচার হতে হবে। কর্নেল তাহের হত্যার বিচারের দাবিতে দেশব্যাপী জাসদের দাবি দিবসের কর্মসূচির অংশ হিসেবে এ আলোচনা সভা হয়। কর্নেল তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, পঞ্চম সংশোধনী বাতিলের মধ্য দিয়ে জিয়াউর রহমানের সামরিক শাসন অবৈধ হয়েছে। এখন কর্নেল তাহের হত্যাকাণ্ডের বিচার চাই। জিয়াউর রহমানের বিচারের মাধ্যমে তাঁর মরণোত্তর ফাঁসির দাবি জানান তিনি। দলের অন্য নেতারা বলেন, ‘সাত নভেম্বর আমরা বিপ্লব করেছিলাম। ওই দিনের সঠিক ইতিহাস জাতির কাছে উন্মোচিত হওয়া দরকার।’ সভায় আরও বক্তব্য দেন জাসদের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য শিরীন আখতার প্রমুখ।