গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের সারাবে এলাকায় গতকাল শনিবার সকালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফলক উন্মোচন অনুষ্ঠান হয়। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সাংসদ ও ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক। তিনি অনুষ্ঠানস্থলে মন্ত্রীর পরে পৌঁছানোর কৈফিয়ত দিয়ে বলেন, ‘কয়েক দিন ধরে ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অচল হওয়ার কারণে সরকারি সুযোগ নিয়ে তাঁর নিজেকেও কোনাবাড়ী এলাকার ৩০০ মিটার রাস্তা অতিক্রম করতে প্রায় পৌনে এক ঘণ্টা সময় লেগেছে। এসব ঘটনার ক্ষেত্রে কোনো সভ্য দেশে সংশ্লিষ্ট মন্ত্রী বা এমপিরা স্বেচ্ছায় পদত্যাগ করে থাকেন। কিন্তু আমাদের দেশের চিত্র ভিন্ন। আমাদের দেশে এমন সংস্কৃতি নেই। তা না হলে আমি নিজেও একটি পদত্যাগপত্র লিখে পাঠাতাম। জনগণ জিজ্ঞেস করছে, কবে রাস্তার সংস্কার করা হবে। তাদের কোনো উত্তর দিতে পারছি না।’সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক মেরামতের দাবিতে গত বুধবার থেকে ১৩টি রুটের পরিবহন মালিকেরা বাস চলাচল বন্ধ রেখেছেন। গতকাল শনিবারও তা অব্যাহত রয়েছে। যার ফলে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ সড়কে চলাচল বন্ধ থাকলেও বাসগুলো রুট পরিবর্তন করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। যানবাহনগুলো ঢাকার আবদুল্লাহপুর-সাভার ইপিজেড হয়ে কালিয়াকৈরের চন্দ্রা হয়ে চলাচল করছে। এতে করে ওই সড়কেও দেখা দিচ্ছে যানজট।কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রবিউল ইসলাম জানান, কোনাবাড়ী এলাকার রাস্তা এতই খারাপ হয়েছে সেখান দিয়ে যানবাহন চলাচল করা খুবই ঝুঁকি। ঢাকা-ময়মনসিংহ সড়কের যানবাহন চলাচল বন্ধ থাকায় বর্তমানে এই সড়কের ওপর চাপ বেশি পড়ছে।