'সমকালীন ভাবনা' পাঠককে নানামুখী ভাবনায় ফেলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবন্ধগ্রন্থ সমকালীন ভাবনায় সাবেক সেনাপ্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান দেশের সমকালীন বিভিন্ন মর্মান্তিক ঘটনা, রাজনীতি ও এর অমানবিক দিক এবং বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তাঁর ব্যক্তিগত ভাবনা তুলে ধরেছেন। আলোচকেরা বলেছেন, বইটি সমাজ, মানুষ ও দেশ নিয়ে পাঠককে নানামুখী ভাবনায় ফেলবে।
গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সমকালীন ভাবনা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, সাবেক বিমানবাহিনী-প্রধান এ জি মাহমুদসহ বিশিষ্ট আলোচকেরা এ কথা বলেন।
সমকালীন ভাবনা বইয়ে বিভিন্ন বিষয়ের ওপর ২৫টি প্রবন্ধ রয়েছে। এতে চীনসম্পর্কিত চারটি প্রবন্ধ আছে। লেখক বইয়ের শুরুটাও করেছেন চীনকে দিয়ে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন।