‘সমঝোতা কমিটি’ গঠনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ জেলা বিএনপির দুই পক্ষের বিরোধ মিটিয়ে এক সপ্তাহের মধ্যে ‘সমঝোতা কমিটি’ গঠন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির দুটি অংশের সভাপতি-সম্পাদককে ঢাকায় ডেকে নিয়ে তিনি এ নির্দেশ দেন।এর আগে ৪ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় নেতারা উভয় পক্ষকে ঢাকায় ডেকে নিয়ে বিরোধ-মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। এরপরই গত মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুগ্ম মহাসচিব চেয়ারপারসনের পক্ষে উভয় পক্ষকে নিয়ে বসেন। এতে দুই পক্ষের নেতাদের ‘সমঝোতার’ বিষয়টি জানিয়ে দেওয়া হয়। সমঝোতা অনুযায়ী সৈয়দ মোহাম্মদ ফয়সল সভাপতি ও জি কে গউছ সাধারণ সম্পাদকের দায়িত্ব পাবেন।দলীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা বিএনপির কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা বিএনপির বিদায়ী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ ফয়সল, শেখ সুজাত ও এনামুল হক। অপর পক্ষে রয়েছেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছ এবং সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শাম্মি আখতার। সৈয়দ ফয়সলের পক্ষ গত বছরের ২১ ডিসেম্বর কাউন্সিলের আয়োজন করলে জি কে গউছ পক্ষ একই স্থানে পাল্টা কাউন্সিল ডাকে। এতে জেলা প্রশাসন স্থানীয় শিরীষতলায় ১৪৪ ধারা জারি করে। ফলে কোনো পক্ষই কাউন্সিল করতে পারেনি। পরে ৩০ ডিসেম্বর জেলা সদর থেকে ৫০ কিলোমিটার দূরে মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় ফয়সল পক্ষের নেতা-কর্মীরা কাউন্সিলের আয়োজন করেন। এতে জি কে গউছ পক্ষের নেতা-কর্মীরা অংশ নেননি। এ কাউন্সিলে সৈয়দ মোহাম্মদ ফয়সল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে সৈয়দ ফয়সলের সমর্থক প্রার্থী বেশি থাকায় তিনি এ পদে নির্বাচন দিয়ে শেখ সুজাতকে সাধারণ সম্পাদক ও এনামুল হক সেলিমকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা দেন।একই দিনে হবিগঞ্জ শহরের এম সাইফুর রহমান মিলনায়তনে পাশাপাশি জি কে গউছের সমর্থকেরা কাউন্সিল করে যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিনকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি গঠন করে। এ দুটি কমিটিই অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হলেও কোনোটিরই অনুমোদন দেওয়া হয়নি। তবে গত ২৭ জানুয়ারি দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জি কে গউছকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার কথা বলা হয়। কিন্তু ফয়সাল পক্ষ বিষয়টি মেনে নেয়নি। চলতে থাকে একে অপরের বিরুদ্ধে মিছিল, সভা ও সমাবেশ।মঙ্গলবার কেন্দ্রের সিদ্ধান্ত সম্পর্কে সৈয়দ ফয়সল বলেন, তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে তাঁদের মতামত সাত দিনের মধ্যে কেন্দ্রে পাঠাতে বলা হয়েছে। এখন সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদের বিষয়ে তৃর্ণমূলের নেতারা কী সিদ্ধান্ত নেন, তা-ই দেখার অপেক্ষায় রয়েছেন তিনি। একই কথা বলেন শেখ সুজাত ও এনামুল হক।তবে জি কে গউছ বলেন, দলের যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যে নির্দেশনা দিয়েছেন তা সবার কাছে স্পষ্ট। তিনি বলেছেন, সভাপতি-সম্পাদক পদ বহাল রেখে আগামী সাত দিনের মধ্যে অন্যান্য পদ পূরণ করে কেন্দ্রে পাঠানোর জন্য। কেন্দ্রের এ সিদ্ধান্ত সবাই একসঙ্গে মেনে নিয়েছেন।