'সমঝোতার মাধ্যমে বর্তমান পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে'
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, চলমান রাজনৈতিক মুখোমুখি অবস্থান থেকে দূরে সরে এসে সংঘাত, সহিংসতা পরিহার করে আলোচনা বা সমঝোতার মাধ্যমে বর্তমান পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে। প্রতিপক্ষকে নির্মূল করার চেষ্টা কোনোভাবেই ভালো লক্ষণ নয়। অতীতেও এ ধরনের পদক্ষেপ কোনো ফল দেয়নি।
গতকাল শনিবার রাজধানীর এফডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আকবর আলি খান এসব কথা বলেন। দেশের চলমান সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সমসাময়িক বিষয়বস্তু নিয়ে পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসি ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী।
আকবর আলি খান আরও বলেন, সমঝোতা না হলে এই অচলাবস্থার অবসান হবে না। অর্থনীতি ও উন্নয়নে বিরূপ প্রভাব ফেলতে বাধ্য।
পাবলিক পার্লামেন্ট প্রতিযোগিতায় দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশকে পরাজিত করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জয়ী হয়। বিজ্ঞপ্তি।