নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘পুলিশের তত্ত্বাবধানে’ কিশোর শামছুদ্দিন মিলনকে (১৬) পিটিয়ে হত্যার ঘটনায় মিলনের মায়ের দায়ের করা মামলার বিষয়ে ‘সমঝোতায়’ বসার জন্য আসামিদের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে। এ জন্য আজ সোমবার সকালে মিলনের মাকে চরফকিরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। মিলনের মা কহিনুর বেগম গতকাল রোববার বিকেলে প্রথম আলোর কাছে এসব অভিযোগ করেন।আইন ও সালিশ কেন্দ্রের (আসক) জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা আবু আহম্মেদ ফয়জুল কবির গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেছেন, মিলনের মাকে মামলার বিষয়ে সমঝোতায় বসার জন্য স্থানীয়ভাবে চাপ দেওয়ার খবরটি তাঁরাও পেয়েছেন। এটি অত্যন্ত উদ্বেগজনক। যা সম্পূর্ণরূপে আইনের শাসনের পরিপন্থী। কহিনুর বেগম অভিযোগ করেন, গত কয়েক দিন আদালতে তাঁর দায়ের করা মামলায় অভিযুক্ত চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের সদস্য জামাল হোসেন ও নারী-সদস্য ফেরদৌস আরার স্বামী মিজানুর রহমান মানিকসহ ওই মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের লোকজন মামলার বিষয়ে একটা সমঝোতা করার জন্য তাঁদের চাপ দিচ্ছেন।সর্বশেষ গতকাল রোববার সকালে চরফকিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কালাম ও স্থানীয় আবুল কাশেম বাড়িতে এসে তাঁকে বলে যান, মিলনের মামলার বিষয়ে কিছু কথা আছে। এ নিয়ে চেয়ারম্যান আরও কিছু লোকজনকে নিয়ে বসবেন। তাই তাঁকেও চরফকিরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যেতে বলা হয়। তিনি আরও জানান, সমঝোতার জন্য কোম্পানীগঞ্জের প্রভাবশালী লোকজন বিভিন্নভাবে লোকজন দিয়ে তাঁর কাছে খবর দিচ্ছেন।চরফকিরা ইউপির সদস্য আবুল কালাম গতকাল সন্ধ্যায় বলেন, ‘আমরা রাজনৈতিকভাবে খুব চাপে আছি। চরকাঁকড়ার চেয়ারম্যান তাঁদের এলাকার লোক নিয়ে মামলার বিষয়ে বসার জন্য কিছুদিন ধরে চাপ দিচ্ছেন। আজ সোমবার এই নিয়ে কথা বলার জন্য ইউপি কার্যালয়ে আসবেন বলেও জানিয়েছেন। তাই আমরা মিলনের মাকে গিয়ে বলেছি, ইউপি কার্যালয়ে আসার জন্য।’চরফকিরা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল জানান, ‘চরকাঁকড়ার লোকজন বলে বেড়াচ্ছেন আমি নাকি মিলনের মাকে মামলা-মোকদ্দমায় আশ্রয় দিয়ে আসছি। তাঁদের অনুরোধে বিষয়টির সমাধানের চেষ্টা করছি না। এই নিয়ে তাঁদের ওপর নানা চাপ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।’চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নাছের বলেন, ‘আমি রাজনৈতিকভাবে বিরোধী দলের। তাই চাপের মধ্যে আছি। তবে, মামলার বিষয়ে সমঝোতা নিয়ে চরফকিরার চেয়ারম্যান কিংবা অন্য কাউকে কোনো কথা বলেননি বলে দাবি করেন তিনি।’২৭ জুলাই সকালে কিশোর মিলনকে কোম্পানীগঞ্জের টেকেরহাট বাজারের মোড়ে পুলিশ তাদের গাড়ি থেকে নামিয়ে কিছু লোকের হাতে ছেড়ে দেয়। এ সময় পুলিশের উপস্থিতিতে তারা ওই কিশোরকে পিটিয়ে হত্যা করে। পরে পুলিশ লাশ গাড়িতে তুলে নিয়ে যায়। এই ঘটনায় মিলনের মায়ের দায়ের করা মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে। মামলায় এ পর্যন্ত সাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে শাহ আলম ইতিমধ্যে মিলন হত্যার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।