সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে বিতাড়িত ছাত্রলীগের সেই পক্ষ অতিথি ভবন ছেড়েছে। ছাত্রলীগের বিবদমান দুই পক্ষে ‘সমঝোতা’ হওয়ায় সংগঠনের ওই পক্ষটি গতকাল শনিবার দুপুরে অতিথি ভবন ছেড়ে আবাসিক হলে ওঠে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, স্বাধীনতা দিবসের সমাবেশ কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর সংগঠনের আটটি পক্ষ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থান নেয়। তিনটি পক্ষ হল থেকে বিতাড়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনে অবস্থান নেয়। এ অবস্থায় হলে অবস্থানকারী কয়েকটি পক্ষ এক হয়ে শুক্রবার বিক্ষোভ করে অতিথি ভবন ‘দখলমুক্ত’ করার দাবি জানায়। এ নিয়ে দুই পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে এক পক্ষ উপাচার্যের কার্যালয়ের সামনে এবং অপর পক্ষ ক্যাম্পাসে অবস্থান নেয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিবদমান পক্ষগুলোর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, দফায় দফায় আলোচনার পর শুক্রবার রাত একটার দিকে আবাসিক হল থেকে ছাত্রলীগের বিতাড়িত অংশকে হলে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে ‘সমঝোতা’ হয়। গতকাল বেলা একটায় ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি নাঈম হাসান, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার, সাধারণ সম্পাদক এমরুল হাসান, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি হীরণ মাহমুদ ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান বিতাড়িত পক্ষের নেতা-কর্মীদের আবাসিক হলগুলোতে পৌঁছে দেন। ছাত্রলীগের হলে অবস্থানরত পক্ষের নেতা আবদুর রশিদ খান বলেন, ‘সমঝোতার মাধ্যমে বিতাড়িত পক্ষকে হলে উঠানো হয়েছে।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় বলেন, ছাত্রলীগের দুই পক্ষ আবাসিক হলে সহাবস্থানে যাওয়ায় বিশ্ববিদ্যালয় পরিস্থিতি শান্ত রয়েছে।