গাইবান্ধার ছয়জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত
'সমন্বয়ের অভাবে পলাতকদের গ্রেপ্তার করা যাচ্ছে না'
আন্তরিকতার অভাব নেই, তবে সমন্বয়ের অভাবে ‘পলাতক আসামিদের’ গ্রেপ্তার করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য এম সানাউল হক। গতকাল বুধবার সংস্থার ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার ছয়জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা সম্পর্কে জানাতে ওই সংবাদ সম্মেলন করা হয়।
সানাউল হক বলেন, আইন অনুযায়ী পলাতক আসামিদের যেকোনো সময় পুলিশ গ্রেপ্তার করতে পারে। তবে তদন্ত সংস্থার এ ক্ষমতা নেই। তাই মাঝে মাঝে আসামিদের গ্রেপ্তারের বিষয়ে তাগাদা দেওয়া ছাড়া তদন্ত সংস্থার কিছুই করার থাকে না। তিনি বলেন, গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়ে পুলিশের মহাপরিদর্শকের কাছে একটি কপি এবং আরেকটি কপি সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার বা বিভাগীয় শহর হলে মহানগর পুলিশ কমিশনারের কাছে যায়।
মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে আবারও চিঠি দেওয়ার কথা জানান সানাউল হক। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত, বিচারাধীন ও তদন্তাধীন মিলে পলাতক আসামির সংখ্যা ৭৮ জন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অগ্নিসংযোগ, দেশত্যাগে বাধ্য করা, হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়েছে গাইবান্ধার ছয়জনের বিরুদ্ধে। তাঁরা হলেন গাইবান্ধা সদরের মো. আবদুল জব্বার মণ্ডল, তাঁর ছেলে মো. জাছিজার রহমান ওরফে খোকা, মো. আবদুল ওয়াহেদ মণ্ডল, মো. মোন্তাজ আলী ব্যাপারী ওরফে মমতাজ, মো. আজগর হোসেন খান ও মো. রনজু মিয়া। এঁদের মধ্যে রনজু মিয়া ছাড়া অপর পাঁচজন পলাতক।
সংবাদ সম্মেলনে সানাউল হক বলেন, আসামিরা সবাই রাজনৈতিকভাবে জামায়াতের সক্রিয় কর্মী।