'সমাজ আজ নানা ব্যাধিতে আক্রান্ত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, ‘বাংলাদেশের সমাজ আজকে নানা ব্যাধিতে আক্রান্ত। তবে এসব ব্যাধির চিকিৎসা আমাদের সংস্কৃতিচর্চার মধ্যে আছে। আমরা যদি যথাযথভাবে সুস্থ বাঙালির সংস্কৃতিচর্চা করতে পারি, তাহলে সামাজিক সমস্যার অনেকগুলো দূর হবে।’

চট্টগ্রামের শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ফুলকির ৪০ বছর উপলক্ষে আজ শুক্রবার বিকেলে নগরের ডিসি হিলের নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এর আগে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান। কাল শনিবার উৎসবের সমাপনী দিন।

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ১৯৭৭ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ফুলকির সভাপতির দায়িত্ব পালনের বিষয়টি স্মৃতিচারণা করেন। তিনি বলেন, ‘আমাদের আনুষ্ঠানিক শিক্ষার সঙ্গে আনন্দের একবারে বিচ্ছেদ হয়ে গেছে। আমরা আমাদের শিশুদের কেবল পড়াতে চাই, শেখাতে চাই। কিন্তু তাদের খেলাধুলা, নাচ-গানের মধ্যে শেখার কিংবা গড়ে তোলার কোনো চেষ্টা নেই। সে অভাব পূরণের করার জন্য একটি বিকল্প ব্যবস্থা হচ্ছে ফুলকি।’
ফুলকির ৪০ বছরের যাত্রা ব্যর্থ হয়নি উল্লেখ করে বরেণ্য শিক্ষাবিদ আনিসুজ্জামান বলেন, ‘ফুলকির শিক্ষার্থীরা পরবর্তী জীবনে খুব ভালো রকমের প্রতিষ্ঠা লাভ করেছেন এবং ফুলকি দাবি করতে পারে তাঁদের সবার মধ্যে মানবিক গুণের প্রকাশ ঘটেছে।’

আলোচনা সভায় স্বাগত বক্তব্যে ফুলকির সম্পাদক আবুল মোমেন ফুলকির প্রতিষ্ঠার কাহিনি স্মৃতিচারণা করে বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও জেল হত্যার ঘটনায় দেশে দমবদ্ধ পরিবেশ বিরাজ করছিল। ওই পরিবেশকে পেছনে ফেলে শিশুদের নিয়ে কাজ করার জন্য ১৯৭৬ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করে ফুলকি। এই দীর্ঘপথ পাড়ি দিতে গিয়ে নানা ধরনের কাজ করেছে ফুলকি।
কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘প্রথম থেকেই আমরা বলার চেষ্টা করেছি, শিশুরা জাহাজ নয়। তাদের বাড়ির কাজ, পড়া ও পরীক্ষা দিয়ে বোঝাই করব। শিশুরা হচ্ছে আলোর মতো; তাদের জ্বালিয়ে দেওয়াই শিক্ষাপ্রতিষ্ঠানের কাজ। ফুলকি সেটা করে যাচ্ছে।’ তিনি ফুলকির প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ব্যক্তিদের স্মরণ করেন।

আলোচনা সভায় সাবেক সচিব রণজিৎ বিশ্বাস বলেন, ‘যে শিক্ষার্থী যে বিষয়ে আকৃষ্ট হতে চায় না, আমরা জোর করে তার মাথায় তা চাপিয়ে দিই। যে শিল্পী হতে চায়, তাকে জোর করে ডাক্তার বানাতে চাই। যে নেতা হবে, তাকে ক্রীড়াবিদ বানাতে চাই। এই প্রবণতা দূর করতে হবে।’
সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ সবিহ উল আলম, ফুলকির সভাপতি শামসুল হোসাইন, ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন, ফুলকির সাবেক শিক্ষিকা লায়লা জামান, লেখিকা ফেরদৌস আরা আলীম, সাংবাদিক এ কে এম রইসুর হক বাহার, অভিভাবক স্বপন বড়ুয়া, প্রথম ব্যাচের শিক্ষার্থী রবিশংকর দাশ প্রমুখ।

উৎসবে ফুলকির সঙ্গে ৪০ বছর ধরে যুক্ত বীরেন দাশকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া এয়াকুব আলী দোভাষ বালিকা উচ্চবিদ্যালয় ও ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে বই দেওয়া হয়। আলোচনা সভার আগে ফুলকির শিক্ষার্থীরা ব্রতচারী নৃত্য ও সংগীত এবং কারাতে পরিবেশন করে।
এর আগে আজ সকালে প্রতিষ্ঠার চার দশক পূর্তি উপলক্ষে নগরের নন্দনকাননে অবস্থিত বিদ্যালয় ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয় প্রাঙ্গণে এসে শোভাযাত্রা শেষ হয়।