ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিজ্ঞানভিত্তিক গবেষণার পাশাপাশি মানবিকতা, সমাজ ও সংস্কৃতি নিয়েও গবেষণা করতে হবে। বৌদ্ধধর্মের দর্শন ও আদর্শ অনুসরণ করে সমাজ ও সভ্যতার অগ্রযাত্রায় নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে বৌদ্ধ দর্শন, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। সেন্টার ফর বুড্ডিস্ট হেরিটেজ অ্যান্ড কালচার এ আলোচনা সভার আয়োজন করে।
সেমিনারে ‘বৌদ্ধ যুক্তিবিদ্যা: একটি পর্যালোচনা’ ও ‘চর্যা-সংস্কৃতির আলোকে বুদ্ধ নাটকের ঐতিহ্য অন্বেষণ’ শীর্ষক দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।
আয়োজক গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক দিলীপ কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আখতারুজ্জামান বিশেষ অতিথি ছিলেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সুকোমল বড়ুয়া, দর্শন বিভাগের অধ্যাপক আজিজুন্নাহার ইসলাম, গণবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনসুর মুসা প্রমুখ বক্তব্য দেন।