‘সমাজচ্যুত’ পরিবারের শিশুদের স্কুলে যাওয়াও বন্ধ
সিলেটের গোয়াইনঘাটে তিন বছর ধরে এক দিনমজুর ও তাঁর পরিবারকে ফতোয়া দিয়ে ‘সমাজচ্যুত’ করে রেখেছেন গ্রামের মাতব্বরেরা। ওই পরিবারের সদস্যদের কাউকে সামাজিক অনুষ্ঠান, মসজিদ ও প্রতিবেশীদের বাড়িতে পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। ওই দিনমজুরের সন্তানেরা বিদ্যালয়ে যেতে পারছে না।গ্রামবাসী ও ওই পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর ষষ্ঠখণ্ড করঠিকর গ্রামের বাসিন্দা দিনমজুর নজরুল ইসলাম তিন বছর আগে রাগের মাথায় তাঁর স্ত্রীকে তালাক দেবেন বলে ঘোষণা দিয়েছিলেন। কথাটি গ্রামের মাতব্বর মাওলানা কেফায়েত উল্লাহ শোনার পর তালাক হয়ে গেছে বলে ফতোয়া দিয়ে বলেন, ‘নজরুলকে সংসার করতে হলে হিল্লা বিয়ে দিয়ে স্ত্রীকে ঘরে তুলতে হবে।’ এতে রাজি না হওয়ায় তিনি ফতোয়া দিয়ে তাঁকে ‘সমাজচ্যুত’ করেন।এর পর থেকে নজরুল ও তাঁর পরিবারের সদস্যদের সামাজিক অনুষ্ঠানে বয়কট করা হচ্ছে। তারা প্রতিবেশীদের বাড়ি ও মসজিদে, এমনকি সন্তানেরা বিদ্যালয়ে পর্যন্ত যেতে পারছে না। তিন বছর ধরে ‘একঘরে’ থাকায় তাঁর পরিবারের লোকজন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্রামের সমাজপতিদের ভয়ে কেউ নজরুলকে দিনমজুরের কাজও দেন না। ফলে প্রায়ই পরিবার-পরিজন নিয়ে তাঁকে উপোস থাকতে হয়।নজরুল ইসলাম বলেন, ‘গত শুক্কুরবার (১৬ নভেম্বর) জুমঞ্চার নমাজ পড়াত গেছলাম। কেফায়েত ও তার সাঙ্গফাঙ্গরা আমারে মারিয়া মছিদ (মসজিদ) থাকি বার করি দিলাইছে। আমার বাচ্চাইন ইস্কুল যাইত পারে না, মছিদ-মক্তবো যাইত পারে না।’ তিনি আরও জানান, সম্প্রতি এ ব্যাপারে ফতোয়াবাজদের প্রধান মাওলানা কেফায়েত উল্লাহসহ পাঁচজনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা করেছেন।নাম প্রকাশ না করার শর্তে মসজিদ থেকে নজরুলকে মারধর করে বের করে দেওয়ার ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, নজরুলের পরিবারের সদস্যদের বিদ্যালয়ে ও মসজিদে যেতে না দেওয়ার ফতোয়া তাঁরা মানেন না। তবে প্রভাবশালীদের ভয়ে কিছু বলতে পারছেন না। যোগাযোগ করা হলে কেফায়েত উল্লাহ কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বিষয়টি একান্ত তাঁদের গ্রামের সিদ্ধান্ত বলে এ বিষয়ে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’