‘সমাজতান্ত্রিক শক্তিকেই স্বাধীন দেশ গড়ে তুলতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তাবাদী শক্তি দেশ স্বাধীন করে কাজে সমাপ্তি টেনেছে। এরপর স্বাধীন দেশকে গড়ে তোলার কাজ করতে হবে সমাজতান্ত্রিক শক্তিকেই। গতকাল শুক্রবার বাংলাদেশ যুব ইউনিয়নের ঢাকা মহানগর শাখার ১০ম সম্মেলনে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এ কথা বলেন। সম্মেলন উপলক্ষে মুক্তাঙ্গনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, কাজ নেই বলেই যুবসমাজ অ-কাজ করে। সমাজতান্ত্রিক যৌবনের সামষ্টিক শক্তিই পারে পুঁজিবাদী সমাজব্যবস্থাকে প্রতিহত করতে। কোটি যুবকের এক আওয়াজ ‘চাই শিক্ষা চাই কাজ’ স্লোগানকে সামনে নিয়ে শুরু হয় সম্মেলন। শুরুতেই ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত যুব ইউনিয়নের কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপস্থিত নেতারা। প্রধান অতিথিসহ নেতা-কর্মীদের বক্তব্যে তেল-গ্যাস রক্ষা, টিপাইমুখ বাঁধ প্রসঙ্গ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আমাদের প্রস্তুতি ইত্যাদি বিষয়গুলো গুরুত্ব পায়। তাঁরা বলেন, জনগণের স্বার্থবিরোধী এবং আড়াল করে কোনো চুক্তি করা চলবে না। এর আগে যুব ইউনিয়নের সভাপতি কাফি রতন সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, বর্তমান সময়ে যুবকদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদকসেবক হিসেবে গড়ে তুলতে যে ষড়যন্ত্র চলছে সেখান থেকে তাদের মুক্ত করতে সমাজতন্ত্রের ঝাণ্ডাধারীদের এগিয়ে আসতে হবে।যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির হাসান হাফিজুর রহমান বলেন, বিপ্লবী যুব আন্দোলনের ক্ষেত্র হিসেবে দেশকে গড়ে তোলার বিকল্প নেই। নির্বাচনী ইশতেহারে যেসব আশ্বাস দেওয়া হয়েছিল সেগুলো পূরণে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। তিনি যুবকদের কাজ দেওয়া এবং মর্যাদাসম্পন্ন জীবনযাপনের সুযোগ সৃষ্টির দাবি জানান। ঢাকা মহানগর যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট যুবনীতির মাধ্যমে এই শক্তিশালী শ্রেণীকে কাজে লাগানোর পরিকল্পনা করা উচিত। কেননা অবহেলিত যৌবন একটি জাতিকে দুর্বল নাগরিক উপহার দেয়।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর যুব ইউনিয়নের শেখ আবদুল মান্না এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের নেতৃস্থানীয় ব্যক্তিরা। আলোচনা শেষে একটি শোভাযাত্রা মুক্তাঙ্গন থেকে বেরিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।