'সমাজের অবক্ষয় অত্যন্ত গভীরে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকেরা সমাজ, সভ্যতা ও মানুষ গড়ার কারিগর। তাঁদের ওপর হামলার ঘটনা জাতির জন্য লজ্জাজনক। শিক্ষকের ওপর হামলা প্রমাণ করে, সমাজের অবক্ষয় অত্যন্ত গভীরে। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষকদের পাশাপাশি মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পটিয়ায় শিক্ষকের ওপর বখাটের হামলার প্রতিবাদে এবং শিক্ষকদের পেশাগত বিভিন্ন দাবিতে এ মানববন্ধন করা হয়।

১৪ মার্চ সকালে পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের পূর্ব ডেঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক মিসফা সুলতানাকে শাবল দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন বখাটে আহসান উল্লাহ। এ সময় তিনি আত্মরক্ষার্থে দৌড়ে স্কুলের মাঠে চলে যান। সেখানেও তাঁকে এলোপাতাড়ি পেটাতে থাকেন আহসান। বখাটেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গতকালের মানববন্ধনে বক্তারা পটিয়ায় শিক্ষকের ওপর হামলার ঘটনায় জড়িত বখাটের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ ছাড়া সরকারি কলেজশিক্ষকদের মতো বেসরকারি শিক্ষকদের বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান এবং শর্তপূরণকারী সব নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মো. মহসিন, মুক্তিযোদ্ধা সংসদ পটিয়া উপজেলা কমান্ডার মো. মহিউদ্দিন, হামলার শিকার মিসফা সুলতানার বাবা মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, শিক্ষকনেতা সমীর কান্তি দাশ, মোহাম্মদ আলী, মিসবাহ উর রহমান, সুকুমার দত্ত প্রমুখ।