'সম্পর্ক নিবিড় করতে কাজ করবো'
‘সম্পর্ক নিবিড় করতে কাজ করব’ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিক্যাট বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকারের সবার সঙ্গে কাজ করে যাবেন।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ প্রত্যয়ের কথা জানান।
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তাঁর দপ্তরে বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৫তম রাষ্ট্রদূত হিসেবে তিনি গতকাল বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হাতে পরিচয়পত্র তুলে দেন।
পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের পর মার্শা বার্নিক্যাট সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, দুই দেশের সম্পর্ক বেশ নিবিড় ও সম্প্রসারিত। এ সম্পর্ককে আরও শক্তিশালী করতে আমাকে সরাসরি দায়িত্ব দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র যেহেতু প্রতিটি উদ্যোগে বাংলাদেশকে ‘সত্যিকারের অংশীদার’ মনে করে, তাই মার্শা বার্নিক্যাট ঢাকায় কাজ করার দায়িত্ব পেয়ে তাঁর গর্বের কথা সাংবাদিকদের কাছে উল্লেখ করেন।
পররাষ্ট্রসচিব বলেন, এ বৈঠকটি ছিল সৌজন্য ও পরিচিতিমূলক। দুই দেশের সম্পর্ক জোরদার করতে মার্কিন রাষ্ট্রদূত এ সরকারের সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে কাজ করার কথা উল্লেখ করেন। দ্বিপক্ষীয় সম্পর্ককে মার্কিন রাষ্ট্রদূত নতুন উচ্চতায় নিয়ে যেতে চান।
আরও পড়ুন