'সম্পর্কের জন্য সহায়ক নয় পাকিস্তানের পদক্ষেপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামাবাদ থেকে বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে প্রত্যাহার করতে বলাটা দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক হয়নি বলে মনে করে ঢাকা। কারণ, বাংলাদেশের কূটনীতিককে কেন প্রত্যাহার করতে হবে, তার কোনো ব্যাখ্যা পাকিস্তান দিতে পারেনি।
পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত কাউন্সেলর (রাজনৈতিক) মৌসুমী রহমানের বিষয়ে ইসলামাবাদের অবস্থান নিয়ে গতকাল বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ প্রতিক্রিয়া জানান। তিনি গতকাল বুধবার বিকেলে তাঁর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবার মৌসুমী রহমানকে প্রত্যাহারের জন্য বাংলাদেশকে বলেছে। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ঢাকা থেকে পাকিস্তানি কূটনীতিক ফারিনা আরশাদকে প্রত্যাহারের ১৩ দিনের মাথায় ইসলামাবাদ এ পদক্ষেপ নিল।
বাংলাদেশ অনানুষ্ঠানিকভাবে ফারিনাকে ফিরিয়ে নিতে বলার কয়েক দিন পর গত ২৩ ডিসেম্বর ইসলামাবাদ তাঁকে ঢাকা থেকে প্রত্যাহার করে। পাকিস্তানও একই কায়দায় অর্থাৎ অনানুষ্ঠানিকভাবেই মৌসুমী রহমানকে ঢাকায় প্রত্যাহার করতে বলেছে।
সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র গতকাল এ প্রতিবেদককে বলেন, ফারিনাকে প্রত্যাহারের জের ধরে পাকিস্তান যে পাল্টা পদক্ষেপ নেবে, সরকার এটি আগেভাগেই আঁচ করতে পেরেছিল। তাই বাংলাদেশের কূটনীতিককে ঢাকায় না এনে তাঁকে অন্য কোথাও বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে অনুযায়ী তাঁকে পাকিস্তান থেকে পর্তুগালের লিসবনে বদলির প্রস্তুতিও নেওয়া হয়েছে। ইতিমধ্যে তাঁর ইউরোপের ভিসা হয়ে গেছে। আশা করা হচ্ছে, আজকের চূড়ান্ত সময়সীমার আগেই মৌসুমী রহমান ইসলামাবাদ থেকে পর্তুগাল রওনা হবেন।
এদিকে পাকিস্তানের সর্বশেষ পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়বস্তু হতে চাই না। দ্বিপক্ষীয় সম্পর্কের স্বার্থে যেটুকু ধৈর্য ধারণ করা দরকার, আমরা তা করব। আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করব। দুই দেশের সম্পর্ক নিয়ে কোনো ধরনের আগাম মন্তব্য করব না। তবে পাকিস্তান যা করেছে, তা কখনো সম্পর্কের জন্য সহায়ক হতে পারে না। কারণ, কেন বাংলাদেশের কূটনীতিককে প্রত্যাহার করতে হবে, তা ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের (দক্ষিণ এশিয়া ও সার্ক) কাছে জানতে চেয়েছিলেন। পাকিস্তান কোনো ব্যাখ্যা দিতে পারেনি।
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে কি না, জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ মুহূর্তে সে ধরনের কোনো পরিকল্পনা নেই।
ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশন ও করাচিতে উপহাইকমিশন—এ দুটি দপ্তরের মধ্যে একটি মিশন রাখা কিংবা কূটনৈতিক মিশন দুটির জনবল কমানোর কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আপাতত এ নিয়েও কোনো পরিকল্পনা নেই। দুই দেশের মধ্যে বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়ে অভিন্ন কিছু স্বার্থ আছে। তবে সম্পর্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে—জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো সম্ভাবনাই তো উড়িয়ে দিচ্ছি না।’
ভারতের নাম উল্লেখ না করে শাহরিয়ার আলম বলেন, ‘পাকিস্তান অতীতে প্রায় নিয়মিতভাবে ও ব্যাপক হারে তাদের একটি প্রতিবেশী দেশের কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা করেছে। তারপরও কিন্তু তারা ওই দেশের সঙ্গে যোগাযোগ কিংবা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেনি। সম্পর্কের হয়তো ওঠানামা গেছে, কিন্তু সর্বনিম্ন পর্যায়ে হলেও ওই দেশের সঙ্গে তারা সম্পর্ক রেখেছে। কাজেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। তবে আমরা কোনোভাবেই বাংলাদেশের জাতীয় স্বার্থ, একাত্তরের ইতিহাস, মানবতাবিরোধী বিচারের বিষয়ে কারও সঙ্গে কোনো আপোস করব না।’