'সম্প্রচার নীতিমালা ভিন্নমত দলনের কৌশল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রচার নীতিমালার মাধ্যমে সরকার ফ্যাসিবাদী কায়দায় ভিন্নমত দলন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় বলে মনে করে গণতান্ত্রিক বাম মোর্চা।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে মোর্চার নেতারা এ কথা বলেন। তাঁরা নীতিমালাকে ‘অগণতান্ত্রিক’ ও ‘নিবর্তনমূলক’ আখ্যা দিয়ে একে মোকাবিলার জন্য গণতন্ত্রমনা মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
‘অগণতান্ত্রিক ও নিবর্তনমূলক সম্প্রচার নীতিমালা বাতিলের’ দাবিতে আয়োজিত এ সমাবেশে বক্তারা বলেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার হীন উদ্দেশ্যে এ ধরনের নীতিমালা প্রণয়ন করেছে। মতপ্রকাশের স্বাধীনতার মতো সাংবিধানিক অধিকার ক্ষুণ করার কোনো অধিকার সরকারের নেই। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসে সেই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য যেসব অপতৎপরতায় লিপ্ত রয়েছে, সম্প্রচার নীতিমালা তারই একটি প্রতিফলন।
বক্তারা বলেন, দেশের গণমাধ্যমগুলো যতটুকু তথ্য ও খবর জনসমক্ষে প্রকাশ করছে, তাতেই সরকারের আসল চেহারা উন্মোচিত হয়ে পড়েছে।
সমাবেশে মোর্চার কেন্দ্রীয় নেতা জোনায়েদ সাকী, আবদুস সাত্তার, মানস নন্দী, শহিদুল আলম প্রমুখ বক্তব্য দেন। সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল পল্টন এলাকা প্রদক্ষিণ করে।