'সম্প্রীতি যাত্রা' মাগুরা ছাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ উপলক্ষে কলকাতা-ঢাকা সাইকেল শোভাযাত্রার সদস্যরা গত শনিবার রাতে মাগুরায় ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। বাংলাদেশ-ভারত সম্পর্ক দৃঢ় করার বার্তা নিয়ে আসা এ ‘সম্প্রীতি যাত্রা’ গতকাল রোববার সকালে মাগুরা ত্যাগ করে।

এ শুভেচ্ছা সফরের আয়োজনে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ ফুটবল লাভারস অ্যাসোসিয়েশন। ২০ সদস্যের দলটিতে নেতৃত্ব দিচ্ছেন কলকাতার বিশিষ্ট ফুটবল খেলোয়াড় মিহির কুমার দাস। তিনি প্রথম আলোকে বলেন, তাঁরা বাংলা নববর্ষ উপলক্ষে ৬ এপ্রিল কলকাতা থেকে এ সম্প্রীতি যাত্রা শুরু করেন। তাঁরা পশ্চিমবঙ্গের বনগাঁ হয়ে প্রথমে নড়াইলে আসেন। শনিবার বিকেলে মাগুরায় পৌঁছান।

দলটির সদস্যরা মাগুরায় পৌঁছালে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. রিয়াজুল আলম খান। এরপর সন্ধ্যা ছয়টার দিকে দলটির সদস্যরা মাগুরা জেলা স্টেডিয়ামে যান। সেখানে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে তাঁরা শুভেচ্ছা বিনিময় করেন। পরে রাত আটটার দিকে তাঁরা মাগুরা প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সম্প্রীতি যাত্রা গতকাল সকালে মাগুরা ত্যাগ করে। এর আগে দলনেতা মিহির কুমার দাস বলেন, ‘১২ এপ্রিল আমরা ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পৌঁছাব।’