'সম্প্রীতি'র পর বাগ্যুদ্ধে দুই প্রার্থী

খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে নানা আয়োজন ছিল সিলেট নগরের নয়াসড়ক এলাকায় প্রেস বিটেরিয়ান চার্চে। অনুষ্ঠানে যোগ দিয়ে একসঙ্গে বড়দিনের কেক কাটেন সিলেট-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী এ কে আবদুল মোমেন ও বিএনপির খন্দকার আবদুল মুক্তাদীর। দুজন হাত মিলিয়ে করমর্দন করেন, হাসিমুখে কিছুক্ষণ আলাপচারিতাও করেন। এরপর সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হতেই দুজন জড়িয়ে পড়েন বাগ্যুদ্ধে। বিষোদগার করেন একে অপরের বিরুদ্ধে।
আবদুল মুক্তাদীর আলাপচারিতাকে ‘মেকি সম্প্রীতি’ হিসেবে অভিহিত করে বলেন, ‘ক্যামেরার সামনে ছবি তোলাকে সৌহার্দ্য-সম্প্রীতি বলা যায় না। এটি মেকি, এতে আন্তরিকতা ছিল না। কারণ, গত তিন রাতে সিলেট মহানগরের পাঁচ থানায় আমার নেতা-কর্মীদের বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে। আমার শত শত নেতা-কর্মী আসামি।’
জবাবে এ কে আবদুল মোমেন বলেন, ‘বিএনপির প্রার্থী নির্বিঘ্নে প্রচারণা চালাচ্ছেন। কিন্তু তাঁদের মজ্জাগত অভ্যাস নালিশ করা। তাঁদের নেত্রীও এটা করেন। আমি জানি না, এটি তাঁদের কৌশল কি না, এর মাধ্যমে তাঁরা জনসমর্থন পান কি না। তবে আমরা এসবে নেই। আমরা সব সময় সাদাকে সাদা ও কালোকে কালো বলি।’
আরেকটি বিজয় চায় আ.লীগ
গতকাল দুপুরে আওয়ামী লীগের প্রার্থী এ কে আবদুল মোমেন নগরের রংমহল পয়েন্ট, বন্দরবাজার, মহাজনপট্টি, কালীঘাট ও লালদিঘিরপাড়সহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন। পরে বন্দরবাজার এলাকার করিমউল্লাহ মার্কেটের সামনে এসে এক সংক্ষিপ্ত পথসভা করেন। এ সময় তিনি বলেন, গত ১০ বছরে আওয়ামী লীগ প্রমাণ করেছে, এই দেশকে কেবল তারাই বদলাতে পারে। কারণ, এই দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এই দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে। এখন তাঁর মেয়ে শেখ হাসিনার হাতে দেশের উন্নয়ন-অগ্রগতি হচ্ছে। এই অগ্রযাত্রায় দেশকে ভালোবেসে সবাইকে শরিক হয়ে নৌকায় ভোট দিতে হবে। বিজয়ের মাসে আরেকটি বিজয় এনে দিতে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে মোমেন লাক্কাতুরা চা-বাগান এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগরের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলার সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।
সম্প্রীতি রক্ষা করবে বিএনপি
গতকাল সকালে নয়াসড়ক এলাকায় খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীর। এ সময় তিনি বলেন, ‘বিশ্বের বুকে বাংলাদেশের রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ হলেও আমরা পরস্পরের প্রতি সহনশীল ও আন্তরিক। সিলেট হচ্ছে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উর্বর ভূমি। সম্মিলিতভাবে এই সম্প্রীতি রক্ষা করতে হবে। বিএনপি বরাবরই পরধর্মের প্রতি শ্রদ্ধাশীল একটি দল। ভবিষ্যতে এর ধারা অব্যাহত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ।’
মতবিনিময়ের সময় বিএনপির প্রার্থীর সঙ্গে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, মহানগর বিএনপির উপদেষ্টা আবদুস সালাম বাচ্চু, পেশাজীবী পরিষদের নেতা বদরুদ্দোজা বদর প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে গতকাল সকালে হাতপাখা প্রতীকের সমর্থনে নগরের কালীঘাট, লালদিঘিরপাড় ও মহাজনপট্টি এলাকায় গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী। এ আসনের অপর প্রার্থীদের সমর্থনেও গতকাল প্রচার-প্রচারণা ও গণসংযোগ অব্যাহত ছিল। অন্য প্রার্থীরা হচ্ছেন বাসদের (মার্ক্সবাদী) প্রার্থী উজ্জল রায় (কোদাল), জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান (লাঙ্গল), ইসলামী ঐক্যজোটের (আইওজে) মুহম্মদ ফয়জুল হক (মিনার), বাসদের প্রণব জ্যোতি পাল (মই), ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ (আম), বাংলাদেশ মুসলিম লীগের মো. আনোয়ার উদ্দিন বুরহানাবাদী (হারিকেন) ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা নাসির উদ্দিন (বটগাছ)।