‘সম্মানিত মা সুন্দর জাতি’
‘ছেলেমেয়েদের মানুুষের মতো মানুষ করতে মায়েদেরই সবচেয়ে বেশি ভাবতে হয়। সুস্থ ও শিক্ষিত জাতি গঠনে মায়ের ভূমিকা অনস্বীকার্য। অথচ পরিবারের কর্তাব্যক্তি থেকে শুরু করে অনেকেই মাকে যথাযথ মূল্যায়ন করেন না। এই পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকের এই সমাবেশ সম্মিলিতভাবে উচ্চারিত হোক সম্মানিত মা, সুন্দর জাতি।’ গতকাল বুধবার মা সমাবেশে এভাবেই বলছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই গ্রামের এক মা চম্পা বেগম (৩৫)। বৌলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জিয়াউদ্দিনের সভাপতিত্বে এতে তিনশতাধিক মা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জ সচেতন নাগরিক কমিটি (সনাক) এই সমাবেশের আয়োজন করে।আরেক মা বেদেনা আক্তার (৪৫) বলেন, ‘আমার পোলা-মাইয়া মানুষ করনের লাইগগা, আমি এদের ইসকুলে পাডাইয়ছি। তহন বাড়ির সবাই আমারে বখত, অহন ভালো কয়। মা ছাড়া পোলাপান মানুষ অয়না। এইডা অইল হাঁচা কথা।’ মুক্ত আলোচনা পর্বে মায়েরা বিদ্যালয়ের মাঠ বছরের অধিকাংশ সময় পানি ও কর্দমাক্ত থাকা, শ্রেণীকক্ষ এবং বেঞ্চ সংকটের কথা তুলে ধরেন। সমাবেশে মায়া ভৌমিক, আবদুল গণি, শেখ মোহাম্মদ, দীপিকা দাস প্রমুখ বক্তব্য দেন। বক্তারা দারিদ্র্য দূর করে উন্নত দেশ গঠনে মায়েদের এগিয়ে আসার আহ্বান জানান। বিদ্যালয়ের সভাপিত জিয়াউদ্দিন বলেন, বৌলাই এলাকার মায়েরা যত্নবান হওয়ায় শিশুরা নিয়মিত বিদ্যালয়ে আসে। সীমাবদ্ধতা থাকার পরও শুধু মায়েদের সচেতনতার কারণে বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা বেগম জানান, এবারের সমাপনী পরীক্ষায় ৫৫ জন শিক্ষার্থীর মধ্যেই ৪৮ জনই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। অন্য সাতজন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়। মায়েরা যত্নবান হওয়ায় এমন ফল সম্ভব হয়েছে।অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।