খুলনা বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মধ্যবর্তী মূল্যায়নের জন্য ‘সম্মানীর’ নামে ১০ লাখ টাকা চাওয়ার ঘটনায় গঠিত দুটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের করা কমিটির প্রধান অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস খুলনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে গতকাল বুধবার উপাচার্যসহ সাতজনের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কাজের অগ্রগতিও ঘুরে দেখেন।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বলেছে, উপাচার্য মোহাম্মদ ফায়েকউজ্জামান ছাড়াও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল মান্নান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আবদুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেন অশোক কুমার।
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য মোহাম্মদ ফায়েকউজ্জামান বলেন, তদন্ত কমিটি তাঁর কাছে যা যা জানতে চেয়েছে, সব তথ্যই তিনি দিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, এই কমিটি আজ বৃহস্পতিবার ঢাকায় অভিযুক্ত কর্মকর্তাদের বক্তব্য নেবে।
এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) করা তদন্ত কমিটির প্রধান আখতার হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, তাঁরা গতকাল (বুধবার) কমিটি-সংক্রান্ত চিঠি পেয়ে কাজ শুরু করেছেন। নির্ধারিত দুই সপ্তাহের মধ্যেই প্রতিবেদন দেওয়া হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মধ্যবর্তী মূল্যায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের প্রধান স্বপন কুমার ঘোষের নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। অথচ মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগ কৌশলে মধ্যবর্তী মূল্যায়ন কমিটির সদস্যদের সম্মানীর জন্য ১০ লাখ টাকা অন্তর্ভুক্ত করে সংশোধিত প্রকল্প অনুমোদন করে। গত ২৯ এপ্রিল মূল্যায়ন কমিটির সদস্যরা খুলনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে উপাচার্যের কাছে ‘সম্মানীর’ ওই ১০ লাখ টাকা চাইতে গেলে বিপত্তি ঘটে। এ ঘটনা জানাজানি হলে খুলনা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়ে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের প্রধান স্বপন কুমার ঘোষ ও উপপ্রধান ওমর ইমরুল মহসিনকে কাজ থেকে বিরত রাখা হয়েছে। ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন শাখার ভারপ্রাপ্ত পরিচালক নাছিমা রহমান ও জ্যেষ্ঠ সহকারী পরিচালক আতোয়ার রহমানকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে।