'সময় থাকতে সাবধান হন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির হোসেন আমু
আমির হোসেন আমু

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘খালেদা জিয়া ও তাঁর পুত্র তারেক রহমান যদি ইতিহাস বিকৃতির পথ পরিহার না করে, তাহলে তাঁদের রাজনৈতিকভাবে বিতাড়িত করা হবে এবং রাজনীতির নাম ভুলিয়ে দেওয়া হবে। তাই বলি, সময় থাকতে সাবধান হন।’আজ রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন আমু। ১৯৯৬ সালের ৩০ মার্চ খালেদা জিয়ার ক্ষমতা হস্তান্তরকে গণতন্ত্র পুনরুদ্ধার দিবস হিসেবে পালন করে আওয়ামী লীগ।

শিল্পমন্ত্রী বলেন, ‘লাখো কণ্ঠে জাতীয় সংগীত নয়, গ্রামে-গঞ্জের কোটি মানুষ কোটি কণ্ঠে গেয়েছে। তাই তাদের এত গাত্রদাহ। খালেদা জিয়াকে বলি, যে আন্দোলন করে আপনি গিনেস বুকে নাম ওঠাতে চেয়েছেন, সেই আন্দোলন করার ক্ষমতা আপনাদের নেই। আপনারা শুধু করতে পারবেন নৈরাজ্য।’ নৈরাজ্য প্রতিরোধের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে বলেন আমু।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘খালেদা জিয়ার সুচিকিত্সার প্রয়োজন। প্রধানমন্ত্রীকে আমু ভাইয়ের মাধ্যমে অনুরোধ করব—তাঁর চিকিত্সার জন্য দেশি-বিদেশি ডাক্তার নিয়ে ১৬ সদস্যের চিকিত্সক বোর্ড গঠন করতে। ওনার বাইরে থাকা বিপজ্জনক। ওনার মাথা খারাপ হয়ে গেছে। তিনি হলেন বিশ্ব মিথ্যাবাদী।’

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়া আন্দোলন করে গণ-অভ্যুত্থান করতে চেয়েছেন। কিন্তু গণ-অভ্যুত্থান বানান করার ক্ষমতাও তাঁর নাই। এবার আন্দোলনের নামে নৈরাজ্য করলে এমন শিক্ষা দেব, আর কোনো দিন আন্দোলনের নাম মুখ আনবে না।’

সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।