সময়ক্ষেপণের মধ্য দিয়ে সাগর-রুনি হত্যার ঘটনা ধামাচাপা দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম। গতকাল শুক্রবার বনানীতে প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে বিমানবন্দর সড়কের ধার ঘেঁষে এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি শেষে ফাহিম মুনয়েম এ কথা বলেন।নিহত সাগর সরওয়ার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন। গত বছরের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে সাগর ও তাঁর স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনির লাশ উদ্ধার হয়।গতকাল দুপুর ১২টার দিকে আধা ঘণ্টার এই মানববন্ধন কর্মসূচিতে মাছরাঙা টেলিভিশনের বিভিন্ন বিভাগের প্রধান ও সংবাদকর্মীদের সঙ্গে অন্যান্য গণমাধ্যমের সংবাদকর্মীরাও অংশ নেন।মানববন্ধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফাহিম মুনয়েম বলেন, সময়ক্ষেপণের মধ্য দিয়ে যাঁরা মনে করছেন ঘটনাটি ধামাচাপা দেওয়া সম্ভব, তা বাস্তব নয়। সাংবাদিকেরা সচেতন। তাঁরা প্রকৃত বিচার চান। এটা ধামাচাপা দেওয়া যাবে না। তিনি বলেন, তদন্তকারীদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন দেখা দেয় তখনই, যখন উদ্দেশ্যমূলকভাবে কোনো তদন্ত করা হয়। এ ক্ষেত্রে সেটা হচ্ছে কি না, তা সচেতনভাবে পর্যবেক্ষণ করতে হবে। সাগর-রুনির হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে মাছরাঙার প্রধান বার্তা সম্পাদক রেজওয়ানুল হক বলেন, ‘আমরা আশায় আছি, সরকার সদিচ্ছার প্রমাণ দেবে। না হলে এ ঘটনা রাষ্ট্রের কলঙ্ক হয়ে থাকবে।’