'সরকার অব্যাহত রাখার' কথাটি উদ্বেগজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রওনক জাহান
রওনক জাহান

বাংলাদেশে গণতন্ত্রের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের সাতজন বিশিষ্ট নাগরিক৷ তাঁরা বলেছেন, গণতন্ত্র থেকে বিচ্যুতি জনগণ কখনো মেনে নেয়নি৷
গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক—সুজন আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তাঁরা এ উদ্বেগ প্রকাশ করেন৷
আলোচনায় লিখিত প্রবন্ধ পড়েন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান৷ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের একটি বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন-প্রক্রিয়ার ধারা অব্যাহত রাখার জন্য দেশের শাসনব্যবস্থায় নাকি সরকার অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে৷ এই ‘সরকার অব্যাহত রাখার’ কথাটি উদ্বেগজনক৷ তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য যেসব নীতি সুফল বয়ে আনে, তার ধারাবাহিকতা রক্ষার প্রয়োজন আছে৷ তবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই ভোটের মাধ্যমে ঠিক করবেন, তাঁরা কোনো সরকারকে অব্যাহত রাখবেন, না পরিবর্তন করবেন৷ গণতন্ত্রের বৈশিষ্ট্যই হলো নাগরিকের প্রতিনিধি পছন্দ করার অধিকার ও কর্তৃত্ব৷
বিশিষ্ট এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, দশম সংসদ নির্বাচনের পর সবচেয়ে আলোচিত বিষয় হলো প্রধান দলগুলোর অংশগ্রহণের মাধ্যমে আরেকটি সংসদ নির্বাচন৷ তিনি বলেন, ‘আমি মনে করি না, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করলেই সব সমস্যার সমাধান হবে৷ এর জন্য প্রধান কাজ হবে নির্বাচনী গণতন্ত্রের “গণতন্ত্রীকরণ” করা৷’ চলমান সংকটের স্থায়ী উত্তরণে রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতন্ত্রায়ণের ওপর জোর দেন তিনি৷
৫ জানুয়ারির নির্বাচন-পরবর্তী পরিস্থিতির উল্লেখ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, বর্তমান পরিস্থিতিতে স্বস্তির কোনো কারণ নেই৷ অনেক উদ্বেগ আছে৷ কিন্তু সমাধান গণতন্ত্রের পথেই খুঁজতে হবে৷ গণতন্ত্র থেকে বিচ্যুতি জনগণ কখনো মেনে নেয়নি৷ তিনি বলেন, ‘বর্তমান সমস্যার সমাধান না হলে, অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হবে৷ তা আজ হবে, না কাল হবে, তা জানি না৷’
অধ্যাপক আবু সাইয়ীদ বলেন, ‘বাংলাদেশে এই মুহূর্তে আমরা গণতন্ত্রের ওপর চড়াও হয়েছি৷ রাষ্ট্র আজ অকার্যকর হওয়ার পথে৷ কীভাবে ক্ষমতা নিজের অনুকূলে রাখা যায়, সে জন্য দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের নিয়ে সিন্ডিকেট করেছি৷’
সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, দশম সংসদ নির্বাচনে ৫৩ শতাংশ ভোটার ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন৷ বাকি ১৪৭ অাসনে যে ভোট পড়েছে, তা সারা দেশে মোট ভোটারের মাত্র ১৮ দশমিক ৬৭ শতাংশ৷ প্রার্থীর সংখ্যাও ছিল এযাবৎকালের মধ্যে কম৷ এর মাধ্যমে জনগণের সম্মতি অর্জিত হয়নি৷ এর ফলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন আছে৷ তিনি বলেন, এ রকম একটি নির্বাচন গ্রহণযোগ্যতা পেয়ে গেলে আগামীতে এ ধরনের ঘটনা আরও ঘটবে৷ তার চেয়ে রাজতন্ত্র হলে অসুবিধা কী?
সভাপতির বক্তব্যে সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান বলেন, ‘আমাদের রাজনীতি একেবারেই কলুষিত হয়ে গেছে৷ গণতন্ত্র নিয়ে দুশ্চিন্তার সীমা নেই৷ দেশে প্রধানমন্ত্রীকেন্দ্রিক সরকার চালু হয়ে গেছে৷ একনায়কত্ব চলছে৷ এ অবস্থায় জনগণকে কেবল সচেতন হলেই চলবে না, সক্রিয় হতে হবে৷’
সেমিনারে আরও বক্তব্য দেন বিচারপতি কাজী এবাদুল হক, সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর, সাবেক সাংসদ হুমায়ুন কবির প্রমুখ৷