'সরকার আন্তরিক থাকলে জিহাদ জীবিত উদ্ধার হতো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার আন্তরিক থাকলে সময়মতো শিশু জিহাদকে উদ্ধার করা সম্ভব হতো। সুশাসনের অভাবেই জিহাদের করুণ মৃত্যু হয়েছে।
রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ে কলোনি এলাকায় পাইপের ভেতরে পড়ে শিশু জিহাদের ‘করুণ মৃত্যুর প্রতিবাদে’ গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মান্না এসব কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্র এই মৃত্যুর দায় কোনোভাবেই এড়াতে পারে না। এই অবহেলার সঙ্গে যারা জড়িত তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি ও জিহাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।
উইমেন্স ফর গুড গভর্নেন্স নামের একটি বেসরকারি সংস্থা ‘সারা বাংলাদেশ জিহাদের জন্য কাঁদছে’ শীর্ষক এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মান্না আরও বলেন, সেদিন সারা রাত টিভির পর্দার সামনে সারা দেশের কোটি কোটি মানুষ উপস্থিত ছিলেন। জিহাদের উদ্ধার নিয়ে কী নাটক হয়েছে, দেশবাসী তা দেখেছেন।
জিহাদকে উদ্ধার না করে তার শোকার্ত বাবাকে থানায় নিয়ে অত্যাচার করা হয়েছে উল্লেখ করে মান্না বলেন, কত বড় অমানবিক অত্যাচার করা হয়েছে তার পরিবারের ওপর, সেটাও দেশবাসী জানেন। উদ্ধারের নামে নাটকের পর সেই জায়গা থেকে সাধারণ মানুষ শিশু জিহাদকে উদ্ধার করেছেন। কীভাবে সাধারণ মানুষ তাকে উদ্ধার করলেন?