'সরকার আমারে খাতিফরতি দিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বকফুল বালা রায়
বকফুল বালা রায়

বয়সের ভারে নুয়ে পড়েছেন বকফুল বালা রায়। কোমরটা বেঁকে গেছে তাঁর। লাঠিতে ভর দিয়ে টুক টুক করে চলাফেরা করেন। থাকেন অন্যের বাড়িতে। এ অবস্থায় বকফুল বালা রায়ের একটাই দাবি—একটি ভাতার কার্ড।
বকফুল বালা রায় বলেন, ‘আগের চেয়ারম্যান ও মেম্বররে বহুবার কাডের কথা বলিছি। তারা আমারে কোনো কাড দিনি। আমার দেহপরান ভালো থাকলি কাড চাতাম না।’ তিনি বলেন, ‘আমি চাই, যে কয়ডা দিন বাঁচে থাহি সরকার আমারে খাতিফরতি দিক।’
বকফুল বালার (৯০) বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার সমসকাটি গ্রামে। অভয়নগর উপজেলার গোবিন্দপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে থাকেন তিনি।
বকফুল বালা জানান, তাঁর বাবার বাড়ি মনিরামপুর উপজেলার হরিদাসকাটি গ্রামে। বিয়ের মাত্র ছয় মাস পর জ্বরে আক্রান্ত হয়ে মারা যান স্বামী। কয়েক মাস পর বাবার বাড়িতে ফিরে আসেন। এরপর আবার ফিরে যান স্বামীর ভিটায়। তিনি জানান, মুক্তিযুদ্ধ চলাকালে তাঁর ঘরের টিন খুলে নিয়ে যায় রাজাকারেরা। একপর্যায়ে তিনি ভারতে চলে যান। দেশ স্বাধীন হওয়ার পর আবার দেশে ফেরেন। অভাবের কারণে ১৯৯৯ সালে তিনি আশ্রয় নেন অভয়নগর উপজেলার গোবিন্দপুর গ্রামের সঞ্জয় মল্লিকের বাড়িতে। তিনি সরকারি কোনো ভাতা পান না। সঞ্জয় মল্লিক বলেন, ‘প্রায় ১৬ বছর ধরে উনি আমার বাড়িতে আছেন। আশপাশের বয়স্ক ও বিধবারা যখন ভাতা পান, তখন ওনার মন খারাপ হয়ে যায়। উনি মনে করেন এটা ওনার প্রাপ্য।’

মনিরামপুর উপজেলার হরিদাসকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিরঞ্জন প্রসাদ বিশ্বাস বলেন, ‘বকফুল বালা অবশ্যই ভাতা পাওয়ার যোগ্য। কিন্তু উনি এখানে না থাকাতে একটি গ্যাপ হয়ে গেছে। তা ছাড়া, বিষয়টি আমাকে কেউ জানায়নি। এবার বয়স্ক কিংবা বিধবা ভাতা এলে তাঁকে অবশ্যই দেওয়া হবে।’