'সরকার একা কিছু করতে পারবে না'

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেছেন, বাল্যবিবাহ রোধে সরকার একা কিছু করতে পারবে না। সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় ‘বাল্যবিবাহ রোধে আমার-আপনার করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাছিমা বেগম বলেন, সরকার বাল্যবিবাহের মূল কারণটি চিহ্নিত করেছে। নারীদের জীবনমুখী দক্ষতা বৃদ্ধির জন্য মন্ত্রণালয় অনেক পদক্ষেপ নিচ্ছে। নারীদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং শেখানোর কাজও চলছে। প্রতিটি ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাব করা হয়েছে। বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধানের মাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের বিয়ে জায়েজ করা হচ্ছে না। এ আইনসংক্রান্ত বিধিমালা দ্রুত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাতে সবাই মতামত ও পরামর্শ দিতে পারবেন।
নাছিমা বেগম আরও বলেন, ‘নারীদের চাকরিই করতে হবে—এমন নয়। নারীদের আর্থিক সক্ষমতা তৈরিই মূল কথা। বাল্যবিবাহ রোধের জন্য আপনার, আমার—সবার মানসিকতার পরিবর্তন করতে হবে।’
বৈঠকে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম অন ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেনের প্রকল্প পরিচালক আবুল হোসেন বলেন, বাল্যবিবাহ রোধে করা নতুন আইনের প্রচারণা খুব কম হয়েছে। গণমাধ্যমের এ ক্ষেত্রে আরও উদ্যোগী ভূমিকা রাখতে হবে। বাল্যবিবাহ রোধে সঠিক রাস্তাতেই হাঁটা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বাল্যবিবাহ রোধের জন্য দেশের জাতীয় পরিকল্পনায় বিনিয়োগ ও তা বাস্তবায়নের ওপর জোর দেন ইউনিসেফের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ রোশনি বাসু। তিনি বলেন, নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। নারীর স্বাস্থ্যরক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ ছাড়া লিঙ্গবৈষম্য দূর করার দিকে নজর দিতে হবে।
ব্র্যাকের জেন্ডার অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রামের প্রধান হাবিবুর রহমান বলেন, বাল্যবিবাহ রোধের জন্য যে জাতীয় কর্মপরিকল্পনা হচ্ছে, তাতে কিশোরীর নিরাপত্তাহীনতার বিষয়টি নিয়ে কাজ করা দরকার। এ জন্য কয়েকটি মন্ত্রণালয় মিলে একটি টাস্কফোর্স গঠন করতে হবে। সরকার বলছে, বিশেষ বিধান দিয়ে চাইলেই আঠারোর নিচে বিয়ে দেওয়া যাবে না। সরকার ও মন্ত্রণালয়ের এ কথাগুলো গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার করতে হবে। বাল্যবিবাহ বিষয়ে একটি সর্বজনগ্রাহ্য তথ্যভান্ডার গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক তানিয়া হক বলেন, লালন-পালনের ক্ষেত্রে কন্যাশিশুর প্রতি মা-বাবার পক্ষ থেকে যেন কোনো বৈষম্য না হয়, সেটি নিশ্চিত করতে হবে। গৎবাঁধা চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে। এ জন্য গর্ভকালে দম্পতিদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা যেতে পারে।
বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু কন্যাশিশুর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ওপর জোর দেন। তিনি বলেন, কন্যাশিশুদের শিক্ষা প্রদানের কার্যক্রম চলছে অনেক দিন ধরেই। কিন্তু তা উৎপাদনমুখী হচ্ছে কি না, সেটি দেখার প্রয়োজন আছে। নারীকে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করা নিয়ে হাইকোর্টের দেওয়া রায় প্রচার করতে হবে। এর আলোকে আইন করাও প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক খিজির হায়াত খান বলেন, বাল্যবিবাহ রোধের জন্য ইমামদের প্রশিক্ষণ দিচ্ছে ফাউন্ডেশন। সবাই মিলে কাজ করলে অবশ্যই বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে।
ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক সারাহ হোসেন বলেন, বিশেষ বিধানে বিয়ের ক্ষেত্রে মেয়ের সম্মতি যে সর্বাগ্রে প্রয়োজন, সেটি স্পষ্ট করা প্রয়োজন। আইন ও বিধিমালার পাশাপাশি বাস্তবেও মেয়ের সম্মতির বিষয়টি নিশ্চিত করতে হবে। এ ছাড়া শিক্ষকদের বাল্যবিবাহ রোধে চালানো প্রচারণার অংশ করার কথা বলেন তিনি।
ইউনিসেফের কমিউনিকেশন ফর ডেভেলপমেন্টের প্রধান নেহা কাপিল বলেন, বাল্যবিবাহ রোধে সচেতনতা সৃষ্টিই একমাত্র সমাধান নয়। মানুষ কেন এটি করছে, তার উত্তর জানা দরকার। এ নিয়ে বিস্তৃত গবেষণা প্রয়োজন।