'সরকার ও সংবাদমাধ্যমের আস্থার সম্পর্ক না থাকার সুযোগ নেয় জঙ্গিরা'
সরকার ও সংবাদমাধ্যমের মধ্যে আস্থার সম্পর্ক না থাকার সুযোগ জঙ্গিরা কাজে লাগায়। সরকার সংবাদমাধ্যমের কাছ থেকে তথ্য গোপন করে বা সঠিক সময়ে সঠিক তথ্য দেয় না; ফলে সংবাদমাধ্যমগুলো অনেক সময় যাচাই-বাছাই না করে তথ্য প্রকাশ করতে বাধ্য হয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজ (বিপস) আয়োজিত কর্মশালার দ্বিতীয় দিনে সাংবাদিক সৈয়দ জাইন আল মাহমুদ জঙ্গিবাদ দমনে সংবাদমাধ্যমগুলোর ভূমিকা নিয়ে এক উপস্থাপনায় এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী এই কর্মশালা চলছে।
জাইন আল মাহমুদ বনভিত্তিক গবেষক মাইকেল জেটারের গবেষণা উদ্ধৃত করে বলেন, সংবাদমাধ্যমে জঙ্গিদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের খবর যত বেশি প্রকাশ পায়, ধ্বংসাত্মক কাজ তত বাড়ে। তিনি বলেন, জঙ্গিগোষ্ঠীগুলো খুব পরিকল্পিতভাবে হামলা চালায়—যেমন গুলশানের মতো অধিকতর নিরাপদ জায়গা, বিদেশি নাগরিক সিজার তাবেলা, কুনিও হোশি, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে দায় স্বীকার ইত্যাদি কারণে তারা সংবাদমাধ্যমে জায়গা পায়। এটাই তাদের লক্ষ্য। অন্যদিকে সংবাদমাধ্যমগুলো তাদের লাভের কথা চিন্তা করে সংবাদ ছাপে অর্থাৎ যে খবর পাঠকেরা পড়বে, পাঠকদের জানার চাহিদা সংবাদমাধ্যমগুলোকে পূরণ করতে হয় এবং সরকারি প্রতিষ্ঠান তথ্য গোপন করতে চায়। এভাবে প্রচারণার দিকে জঙ্গিগোষ্ঠীগুলো এগিয়ে যায়।
অন্যদিকে কর্মশালায় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই), বর্ডার গার্ড বাংলাদেশ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জরুরি অবস্থায় সংবাদমাধ্যমগুলোর ভূমিকার কড়া সমালোচনা করেন।
প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মেজর মো. খালিদ বলেন, বাংলাদেশে কখনো কখনো সংবাদপত্রগুলো ‘অসত্য তথ্য’ গুরুত্ব দিয়ে প্রকাশ করার খেসারত দিতে গিয়ে প্রতিবাদ ছাপে। বর্ডার সিকিউরিটি ব্যুরোর লেফটেন্যান্ট কর্নেল মাকসুদ আহমেদ বলেন, ঘটনাস্থলে উপস্থিত না থেকেও কখনো কখনো সাংবাদিকেরা ভুল তথ্য প্রকাশ করেন। সংশোধনী বা প্রতিবাদ গুরুত্ব দিয়ে প্রকাশ করেন না। এমন জায়গায় ছাপেন, যা কারও চোখে পড়ে না।
বর্ডার সিকিউরিটি ব্যুরোর অতিরিক্ত পরিচালক মেজর মো. জাফিরুল হক বলেন, বিডিআর বিদ্রোহের সময় বা গুলশানের হলি আর্টিজানে হামলার সময় সরাসরি সম্প্রচার করে কিছু কিছু সংবাদমাধ্যম দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছে।
অভিযোগ ওঠে, তথ্য যাচাই-বাছাই না করে মাইক্রোফোনে যা খুশি বলারও সুযোগ করে দেওয়া হয় অনেক সময়।
কর্মশালায় সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়, বিশ্বের সব প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমে প্রতিবাদ প্রকাশ করা হয়। প্রতিবাদ ছাপার মাধ্যমে সংক্ষুব্ধ ব্যক্তি যেমন তাঁর মত প্রকাশ করতে পারেন, তেমনি সাংবাদিকও যুক্তি ও তথ্য দিয়ে তাঁর বক্তব্য প্রকাশের সুযোগ পান। এটি কোনো দুর্বলতা নয়।
সৈয়দ জাইন আল মাহমুদ বলেন, বাংলাদেশে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট সময় পরপর সাংবাদিকদের তথ্য দেওয়া উচিত। তাহলে সাংবাদিকেরা অপেক্ষা করতে পারতেন। সরকারি সংস্থাগুলো সুষ্ঠুভাবে সে কাজ করছে না। কয়েক দিন আগে লন্ডনে একজন উগ্রপন্থী সাধারণ মানুষের ওপর হামলা চালান। ওই ঘটনার পর সরকারের তরফ থেকে কিছু সময়ের জন্য সংবাদ প্রকাশ না করার অনুরোধ করা হয়। প্রতিশ্রুতি অনুযায়ী পুলিশ কিছুক্ষণ পরই ঘটনার বিস্তারিত প্রকাশ করে। বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষ ও সংবাদমাধ্যম দুই অংশেরই দায়িত্বশীল আচরণ করতে হবে।