'সরকার কবে বুঝবে যে সব উপদেষ্টাই উপদেষ্টা নন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘সৃষ্টিকর্তার দোহাই, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন করুন দ্রুত সময়ের মধ্যে। নয়তো এর জন্য ভুগতে হবে।’
রাজধানীর ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশ চন্দ্র হলে গতকাল রোববার এক গোলটেবিল আলোচনায় মিজানুর রহমান এ কথা বলেন।
আন্তর্জাতিক পার্বত্য চট্টগ্রাম কমিশন (সিএইচটি কমিশন) ও বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক (বিআইডব্লিউএন) যৌথভাবে ‘প্রান্তিকীকরণ ও দায়মুক্তি: পার্বত্য চট্টগ্রামে নারী ও মেয়ে শিশুর ওপর সহিংসতা’ শীর্ষক ওই গোলটেবিলের আয়োজন করে।
মিজানুর রহমান বলেন, ‘সরকার কবে বুঝবে যে সব উপদেষ্টাই উপদেষ্টা নন। উপদেষ্টার বাইরে সাধারণ মানুষের যে উপদেশ, সেটিও অনেক সময় গুরুত্বপূর্ণ হয়।’
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়ে মিজানুর রহমান বলেন, সত্য বলার ফলাফল সব সময় খুব সুখকর নয়। অনেক সময় সত্য বলা কষ্টকর হয়ে দাঁড়ায়।
কয়েক দিন আগে পুলিশের কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করেছিলেন মিজানুর রহমান। পরে পুলিশের পক্ষ থেকে তাঁকে সমালোচনা করে বিবৃতি দেওয়া হয়। উপরিউক্ত মন্তব্য সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কি না—গোলটেবিলের মুক্ত আলোচনায় সাংবাদিকদের এই প্রশ্নের আর জবাব দেননি মিজানুর রহমান।
আলোচনায় পার্বত্য নারীদের ওপর সহিংসতা নিয়ে মূল বক্তব্য তুলে ধরেন বিআইডব্লিউএনের সাধারণ সম্পাদক চঞ্চনা চাকমা। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের অসামরিকীকরণ, বাঙালিদের অভিবাসন বন্ধ ও সুশাসন পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পূর্বশর্ত।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং বলেন, চুক্তি বাস্তবায়ন করার সাহস এ সরকারের নেই। প্রধানমন্ত্রীও চুক্তি বাস্তবায়নের সাহস হারিয়ে ফেলেছেন।
সহিংসতার শিকার পার্বত্য নারীরা স্থায়ীভাবে সমর্থন পান না, এমন মন্তব্য করেন সিএইচটি কমিশনের সদস্য আইনজীবী সারা হোসেন।
সিএইচটি কমিশনের কো-চেয়ারম্যান সুলতানা কামালের সভাপতিত্বে মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, কমিশনের সদস্য খুশী কবির, নারী অধিকার কর্মী সুস্মিতা চাকমা প্রমুখ বক্তব্য দেন।