'সরকার কি হামাক কিছু দিবেনি, মামা?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যার কারণে দিনাজপুরের বর্গাচাষি আনারুল ঢাকায় এসে রিকশা চালাচ্ছেন। ছবি: গোলাম মর্তুজা
বন্যার কারণে দিনাজপুরের বর্গাচাষি আনারুল ঢাকায় এসে রিকশা চালাচ্ছেন। ছবি: গোলাম মর্তুজা

রাজধানীর শ্যামলী মোড়ে নামার পরে মধ্যবয়স্ক রিকশাচালক আনারুল জিজ্ঞেস করলেন, ‘মামা কি বাড়ি যান?’ বললাম, ‘হ্যাঁ।’ শ্যামলী ও কল্যাণপুরে তখন ব্যাগ-বোঁচকা নিয়ে মানুষের ছোটাছুটি। দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অধিকাংশ বাসের টিকিট কাউন্টার এসব এলাকায়। তাই ঘরমুখী মানুষ ছুটছেন বাস ধরতে। এর মধ্যে পিঠে বড় ব্যাগ দেখে আনারুল ওই প্রশ্ন ছুড়ে দেন।

উত্তর শুনে হেসে আনারুল বলেন, ‘ইবার মনে হয় আর যাওয়া হবে নাই। গত ঈদোত বাড়িত ছিনু।’ তাহলে এবার কেন যাচ্ছেন না? এই প্রশ্নের জবাবে বলেন, বাড়ি দিনাজপুরের কানাইহাট। বন্যায় বাড়ি, ফসল সব ডুবে যাওয়ায় সংসারের খাবার জোটানো কষ্টকর হয়ে পড়েছে। এলাকায় কাজ নেই। তাই বাধ্য হয়ে ঈদের আগেও ঢাকায় আসতে হয়েছে তাঁকে। এখন তিনি রিকশা চালিয়ে যা রোজগার করেন, তা বিকাশের মাধ্যমে বাড়িতে পাঠানোর পরেই সংসারের বাজার হয়, চুলো জ্বলে।

‘বন্যাত সব ডুবি গেইছিল মামা। এক বিঘা জমি বর্গা নিয়া ধান আবাদ করনু, তাহো গেল। ওত্তি (ওদিকে) আর কামও নাই। ইনকাম না কইরলে তো চাউল কিনা যাবেনি। সেইতানে ১৪ দিন আগোত ঢাকাত আইসনু। বাড়ি যাইতে সাত-আট শ টাকা ভাড়া লাগে। এলহা দিনকে দিন (প্রতিদিন) বাড়িত টাকা পাঠাবা লাগে। গাড়ির টিকিটের টাকা কুণ্ঠে!’—নিজের মনেই এ কথাগুলো বলেন আনারুল।

‘বাড়িতে কে কে আছে?’—জবাবে আনারুল জানান, ‘তিনটা ব্যাটা (ছেলে) আর একটা বেটি (মেয়ে) আছে। বেটিটা সবার ছোট।’

বাড়ির কথা বলতে বলতেই আনারুলের চোখ ছল ছল করে ওঠে। তিনি বলেন, ‘বেটিটা ছোট তো। উয়ার তানেই মনটা টানে। ব্যাটালা বড় হইছে।’ মেয়ের আবদার পূরণের যথাসাধ্য চেষ্টা করেন তিনি। এবার মেয়ের সঙ্গে ঈদ করতে পারছেন না, মেয়ের আবদার পূরণ হচ্ছে না বলে বারবারই দুঃখ করলেন।

এবার ঈদে কী করবেন জানতে চাইলে আনারুল বলেন, ‘হামার কী আর ঈদ আছে।’ তবে ছোট মেয়েকে কিছু একটা কিনে দিতে বলেছেন ছেলেদের। এখন তারা কী করেছে, সে খবর নিতে পারেননি।

বন্যার পরে বাড়িঘরের কী অবস্থা জানতে চাইলে দীর্ঘশ্বাস ছেড়ে আনারুল বলেন, ‘বাড়ি কী আর বাড়ি আছে। খাবারদাবার নাই। কাম নাই। মুই এইঠে থে টাকা পাঠাইলে স্যালা খাবার হয়।’

আনারুলের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি বর্গাচাষি। মাঝেমধ্যে ঢাকায় এসে রিকশা চালান। আবার ফসল লাগানো এবং ফসল তোলার সময় গ্রামে গিয়ে চাষ করেন। সব মিলিয়ে ভালোই চলছিল সংসার। কিন্তু এবার বন্যা উলটপালট করে দিয়েছে এত দিনের হিসাব-নিকাশ। এখন পরিবারের সদস্যদের প্রতিদিনের খাবার জোগাড় করতেই আনারুলকে উদয়াস্ত পরিশ্রম করতে হচ্ছে। ঈদের আনন্দময় মুহূর্তেও আনারুলকে পুরো পরিবারের খাবার জোগাড়ের হিসাবটাই করতে হচ্ছে সবার আগে।

কথা বলতে বলতে পেছন থেকে অন্য রিকশাচালকেরা তাড়া দিচ্ছিলেন। এ কারণে রিকশা ঘুরিয়ে চলে যান আনারুল। যাওয়ার সময় প্রশ্ন ছুড়ে দেন, ‘সরকার কি হামাক কিছু দিবেনি, মামা?’