'সরকার ঘাতকদের রক্ষা করতে চাইছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৫৩ মাসে মোমশিখা প্রজ্বালন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, সাত খুনের মতো জটিল একটি মামলা আড়াই বছরের মধ্যে নিম্ন আদালতে সম্পন্ন হয়েছে। পাঁচ খুনের মামলা দেড় বছরে সম্পন্ন হলো, অথচ সাড়ে চার বছরেও ত্বকী হত্যার অভিযোগপত্র না দেওয়া প্রমাণ করে যে সরকার ত্বকীর ঘাতকদের রক্ষা করতে চাইছে। কারণ, ত্বকীর ঘাতকেরা সরকারের সঙ্গে যুক্ত।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ বলেন, ‘ত্বকীর হত্যাকারী ও পরিকল্পনাকারী সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেয়। আমরা বহুবার বলেছি, এই হত্যাকারী, হত্যার পরিকল্পনাকারী কীভাবে জাতীয় সংসদে প্রবেশ করে? শিশু হত্যাকারী যখন সংসদে প্রবেশ করে, আমরা মনে করি তখন সংসদের ভিত কেঁপে ওঠে।’
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মামলার তদন্ত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা খসড়া চার্জশিটে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছেন, কিন্তু আদালতে অভিযোগপত্র দিতে পারছেন না। ত্বকী হত্যার নেপথ্যের নায়ক ও হুকুমদাতা শামীম ওসমানকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেদিন আর বেশি দূরে নয়।’
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান নারায়ণগঞ্জের সব মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা ত্বকী হত্যার বিচার দাবি করেন। প্রকাশ্যে যদি না পারেন, তাহলে গোপনে করেন। যদি গোপনে করতে না পারেন, তাহলে প্রতিবাদে থুতু নিক্ষেপ করে দুঃখ প্রকাশ করেন।’
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম বলেন, ত্বকী হত্যাকারীদের আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হলে নির্বাচনে এর প্রভাব পড়বে।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খেলাঘরের জেলা কমিটির সভাপতি রথীন চক্রবর্তী, ওয়াকার্স পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক তরিকুল সুজন।
২০১৩ সালের ৬ মার্চ মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ করা হয়। ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। তারপর থেকে ত্বকী হত্যার বিচারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এই প্রতিবাদী কর্মসূচি পালন করে আসছে।