'সরকার তড়িঘড়ি করে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দাবি জানান কাদের মোল্লার পরিবার। ছবি: মনিরুল আলম
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দাবি জানান কাদের মোল্লার পরিবার। ছবি: মনিরুল আলম

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে আনা সব অভিযোগ নিরপেক্ষ তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে মামলার সঠিক ও পুনর্বিচার দাবি করেছেন তাঁর স্ত্রী সানোয়ার জাহান। একইসঙ্গে তার পরিবার বলেছে, সরকার তড়িঘড়ি করে তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করে কাদের মোল্লার পরিবার।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাদের মোল্লার ছেলে হাসান জামিল। বক্তব্যে তিনি দাবি করেন, ‘উপমহাদেশের ইতিহাসে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড না দেওয়া সত্ত্বেও সুপ্রিম কোর্টের মৃত্যুদণ্ড দেওয়ার এটাই একমাত্র ঘটনা। এখন সংবিধান অনুসারে তাঁর আপিল রিভিউ করার অধিকার রয়েছে। যেহেতু একজন বিচারপতি মৃত্যুদণ্ড দেওয়ার বিরোধিতা করেছেন, তাই রিভিউ করা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা জানতে পেরেছি, সরকার তড়িঘড়ি করে তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করছে। রিভিউ করার অধিকার না দিয়ে এবং জেলকোডের বিধান অনুসরণ না করে দ্রুত ফাঁসি দেওয়ার যে চেষ্টা চলছে, তা সর্বজনীন মানবাধিকারের পরিপন্থী।’ সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, ‘যে মোমেনা বেগমের সাক্ষ্যের ওপর ভিত্তি করে কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই মোমেনা বেগম আদৌ আদালতে সাক্ষ্য দিতে যাননি। ক্যামেরা ট্রায়ালের নামে গোপন বিচারে ভুয়া একজন মহিলাকে মোমেনা বেগম সাজিয়ে আদালতে বক্তব্য দেওয়ানো হয়েছে। আমরা মনে করি, এটি নজিরবিহীন একটি ভুল রায়।’

আপিল রিভিউর সুযোগ পেলে সুপ্রিম কোর্টে এ বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় পাল্টে দেওয়া সম্ভব।

রাষ্ট্রপতির কাছে ক্ষমার প্রশ্ন
তবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি না—এমন প্রশ্নের জবাবে হাসান জামিল বলেন, ‘কারাগারে আমার বাবা পূর্ণাঙ্গ রায় পড়বেন। আগামীকাল আইনজীবীদের সঙ্গে দেখা করে তিনি এ বিষয়ে চূড়ান্ত অভিমত দিতে চান।’

উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগের রায় ঘোষণার পর হাসান জামিল সাংবাদিকদের বলেছিলেন, তাঁর বাবা পরিবারের সদস্যদের কাছে জানিয়েছেন তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন না। তবে আজকের সংবাদ সম্মেলনে এ বিষয়ে তিনি সরাসরি কোনো জবাব দেননি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কাদের মোল্লার মেয়ে আমানাতুন পারভীন।

গণমাধ্যমের প্রতি বিষোদ্গার
গণমাধ্যমকে ব্যবহার করে ‘খুনি’ হিসেবে কাদের মোল্লাকে তুলে ধরা হয়েছে—এমন অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। আজ সংবাদ সম্মেলনে কাদের মোল্লার স্ত্রী সানোয়ার জাহান দাবি করেন, তাঁর স্বামী একজন সাংবাদিক ছিলেন। সানোয়ার জাহানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর বড় ছেলে হাসান জামিল। এতে উল্লেখ করা হয়, ‘শুধু ইসলামী আন্দোলনের নেতা হওয়ার কারণে এবং আওয়ামীবিরোধী রাজনীতির নেতৃত্ব দেওয়ার কারণে বৈরী মিডিয়াকে ব্যবহার করে আমার স্বামীকে খুনি হিসেবে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে।’

এদিকে কাদের মোল্লার ছেলে হাসান জামিল সাংবাদিকদের প্রশ্নের জবাবে দাবি করেন, গণমাধ্যমের প্রতিবেদনের ওপর ভিত্তি করে তাঁর বাবাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও জানান, গণমাধ্যমে যেসব প্রতিবেদন প্রকাশ ও প্রচারিত হয়েছে সে সব মিথ্যা। তা ছাড়া রাজনৈতিক পক্ষপাতমূলক সংবাদ প্রকাশ না করার অনুরোধ করে হাসান জামিল বলেন, ‘১৯৭১ সালে আমার বাবার বয়স ছিল ২২ কি ২৩ বছর। এই বয়সী কি মিরপুরে খুন, ধর্ষণ, জমি দখলের মতো অপরাধ করতে পারে। সে জন্য পলিটিক্যালি বায়াজড রিপোর্ট না দিয়ে যাচাই-বাছাই করেন।’