‘সরকার দিবার কইছে চাউল মেম্বারনি দেয়ছে টাকা’
রংপুরের তারাগঞ্জে নিয়মবহির্ভূতভাবে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচিতে চাল ও গমের বদলে টাকা দেওয়া হচ্ছে। তাও জনপ্রতিনিধিরা কম টাকা দিচ্ছেন বলে শ্রমিকেরা অভিযোগ করেছেন।উপজেলার হাতীবান্ধা গ্রামের মোক্তারুল ইসলাম বলেন, ‘সরকার দিবার কইছে চাউল, মেম্বারনি দেয়ছে টাকা। হামরা চাউল চাইলে কামত নিবার চায় না। তাই প্রত্যেক দিন ১৫০ টাকা করি নিয়া মাটি কাটার কাম করিছি।’ তিনি হাঁড়িয়ারকুটি ইউনিয়নের জাফর উদ্দীনের বাড়ি থেকে হাঁড়িয়ারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণের কাজ করছেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় (পিআইও) সূত্রে জানা যায়, ২০১১-১২ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ৩০টি প্রকল্পের বিপরীতে ২২৩ টন চাল এবং ২৪টি প্রকল্পের বিপরীতে ১৯৫ টন গম বরাদ্দ দেওয়া হয়। ইতিমধ্যে মোট বরাদ্দের ৬০ শতাংশ চাল, গম চেয়ারম্যানদের সরবরাহ করা হয়েছে।পিআইও কার্যালয় সূত্র আরও জানায়, হাঁড়িয়ালকুঠি ইউনিয়নের বরুবাদর বাড়ি থেকে সর্দারপাড়া কবরস্থান পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণের জন্য পাঁচ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পে সাইনবোর্ড থাকার কথা থাকলেও কোনো সাইনবোর্ড দেখা যায়নি।এ রাস্তায় মাটিকাটা শ্রমিক আবু বক্কর বলেন, ‘চাল চাইলে মেম্বার কয় টাকা নেলে নেও। না হইলে কামোত আইসেন না।’ প্রকল্পের চেয়ারম্যান আছিমুদ্দিন বলেন, ‘সব প্রকল্পের চেয়ারম্যান তো চাল, গম বেচে নগদ টাকায় কাম করেছে। আমি করলে দোষ কী? অন্যরা চাল দিলে আমিও শ্রমিকদের চাল দেব।’আলমপুর ইউনিয়নের মধুরামপুর চিকলীপাড়া থেকে ভীমপুর হাজীপাড়া পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণের জন্য ১৩ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ রাস্তায় মাটিকাটা শ্রমিক লুৎফর রহমান বলেন, ‘নাশতা-পানি নাই, খালি ১৫০ টাকা করি মজুরি দিয়া হামারটে কাম করি নেয়ছে।’ এ প্রকল্পের চেয়ারম্যান রেহেনা আক্তার বলেন, ‘ভাই, আমার দোষ কী? শ্রমিকেরা নগদ টাকা না পাইলে কাজোত আসতে চায় না। তাই ২০০ টাকা দিনমজুরি দিয়ে কাজ করে নেওয়া হচ্ছে।’সয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, প্রকল্পের বিপরীতে খাদ্যগুদাম থেকে যে চাল সরবরাহ করা হয় তা হাইব্রিড ধানের চাল। এ মোটা চাল শ্রমিকেরা নিতে চান না, খুচরা বাজারেও বিক্রি হয় না। তাই প্রকল্প চেয়ারম্যানেরা ১৮-১৯ হাজার টাকায় ব্যবসায়ীদের কাছে তা বিক্রি করে দেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম বলেন, চাল, গম বিক্রির কোনো বিধান নেই। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।